প্রথম পাতা খবর ছোট কর ফাঁকিতে আর জেল নয়, দুর্ঘটনার ক্ষতিপূরণও এবার করমুক্ত! বাড়ছে আয়কর জমা দেওয়ার সময়সীমাও

ছোট কর ফাঁকিতে আর জেল নয়, দুর্ঘটনার ক্ষতিপূরণও এবার করমুক্ত! বাড়ছে আয়কর জমা দেওয়ার সময়সীমাও

26 views
A+A-
Reset

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটে করদাতাদের জন্য একগুচ্ছ স্বস্তির ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোদি সরকারের দীর্ঘদিনের লক্ষ্য মেনে করকাঠামোর সরলীকরণের পথে হেঁটে অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকেই দেশে কার্যকর হতে চলেছে নতুন আয়কর আইন। প্রত্যক্ষ করের হারে বড় কোনো রদবদল না করলেও, প্রক্রিয়াগত জটিলতা কমিয়ে সাধারণ করদাতাদের হয়রানি কমানোর ওপর জোর দেওয়া হয়েছে এই বাজেটে।

এবারের বাজেটের অন্যতম বড় চমক হলো ছোটখাটো কর ফাঁকির ক্ষেত্রে শাস্তির লাঘব। অর্থমন্ত্রী জানিয়েছেন, করকাঠামোর জটিলতার কারণে অনেক সময় ছোট করদাতারা অনিচ্ছাকৃতভাবে ভুল করে বসেন। এই ধরনের ভুলের জন্য এখন থেকে আর তাঁদের জেল খাটতে হবে না। বকেয়া করের ওপর মাত্র ১০ শতাংশ অতিরিক্ত জরিমানা দিলেই মিলবে রেহাই। করদাতাদের ওপর থেকে আইনি খড়্গ সরিয়ে তাঁদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

পাশাপাশি, দুর্ঘটনাজনিত ইনস্যুরেন্স ক্লেম বা সরকারি ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রেও বড় সুখবর দিয়েছেন নির্মলা সীতারামন। এতদিন এই ধরনের ক্ষতিপূরণ পেতে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কর দিতে হতো। কিন্তু নতুন বাজেটে ঘোষণা করা হয়েছে, এবার থেকে দুর্ঘটনায় পাওয়া কোনো ক্লেইম বা ক্ষতিপূরণের টাকায় এক পয়সাও কর দিতে হবে না। দুর্গত মানুষের আর্থিক চাপ কমাতে অর্থমন্ত্রীর এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রেও সময়সীমা স্পষ্ট করেছেন অর্থমন্ত্রী। ১ এপ্রিল থেকে চালু হতে চলা নতুন আয়কর আইন অনুযায়ী, সাধারণ করদাতারা ৩১ জুলাই পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন। অন্যদিকে, যে সব ব্যবসায়িক মামলা বা ট্রাস্টের ক্ষেত্রে অডিটের প্রয়োজন নেই, তারা ৩১ অগস্ট পর্যন্ত সময় পাবেন। সরাসরি করের স্ল্যাবে বদল না এলেও, জরিমানা থেকে মুক্তি ও ক্ষতিপূরণ করমুক্ত করার ঘোষণা মধ্যবিত্তের জন্য বড় পাওনা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.