প্রথম পাতা খবর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে দীপেন্দু বিশ্বাস, ভোটের আগে বসিরহাটে রাজনৈতিক চমক

বিজেপি ছেড়ে ফের তৃণমূলে দীপেন্দু বিশ্বাস, ভোটের আগে বসিরহাটে রাজনৈতিক চমক

22 views
A+A-
Reset

বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার তথা বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। রবিবার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলে ফেরেন তিনি। উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং জেলা তৃণমূল সভাপতি বুরহানুল মুকাদ্দিম (লিটন)।

দীপেন্দু ছাড়াও কংগ্রেস, বিজেপি, সিপিএম ও আইএসএস থেকে মোট ২৮ জন কর্মী তৃণমূলে যোগ দেন। তবে নজর ছিল দীপেন্দুর দিকেই। কারণ তিনি একসময় বসিরহাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন।

২০১৪ সালের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়ে অল্প ব্যবধানে বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য-র কাছে পরাজিত হন দীপেন্দু। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে আবারও তাঁকে প্রার্থী করে তৃণমূল। সেবার শমীককে হারিয়ে প্রথমবার বিধায়ক হন তিনি।

তবে ২০২১ সালে প্রার্থীবদল করে তৃণমূল। দীপেন্দুর বদলে প্রার্থী করা হয় সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে। টিকিট না পেয়ে সে সময় তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-এর হাত ধরে বিজেপিতে যোগ দেন দীপেন্দু। যদিও ২০২১ নির্বাচনের ফল ঘোষণার পর ধীরে ধীরে পদ্ম শিবির থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

এর আগে তৃণমূল নেতৃত্বের কাছে লিখিতভাবে দলে ফেরার আবেদন করেছিলেন দীপেন্দু। সেই আবেদন তখন গৃহীত না হলেও, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁকে ফের দলে নেওয়া হল।

আগামী নির্বাচনে তাঁকে প্রার্থী করা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি জেলা নেতৃত্ব। তবে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রাক্তন বিধায়ক ও স্বনামধন্য ফুটবলার আবারও তৃণমূলে যোগদান করেছেন। এতে আমাদের সংগঠন আরও শক্তিশালী হল। তাঁকে নিয়ে আমরা বসিরহাটের উন্নয়নের কাজ করব।”

ভোটের আগে এই রাজনৈতিক ঘরফেরা বসিরহাটের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.