প্রথম পাতা খবর ডেথ গ্র্যাচুইটিতে বড় বদল, এবার সুবিধা পাবেন বিবাহিত কন্যাও—নতুন নির্দেশিকা জারি নবান্নের

ডেথ গ্র্যাচুইটিতে বড় বদল, এবার সুবিধা পাবেন বিবাহিত কন্যাও—নতুন নির্দেশিকা জারি নবান্নের

26 views
A+A-
Reset

সরকারি বিধিতে এতদিন ‘পরিবার’-এর সংজ্ঞায় বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যাসন্তানদের অন্তর্ভুক্ত না থাকায় বহু ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হত। এবার সেই জট কাটাতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

সোমবার অর্থ দপ্তরের পেনশন শাখা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সরকারি কর্মচারীদের ‘ডেথ গ্র্যাচুইটি’ বা মৃত্যুজনিত আর্থিক সুবিধার নিয়মে গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ডেথ গ্র্যাচুইটি পাওয়ার ক্ষেত্রে ‘পরিবার’-এর সংজ্ঞায় এখন থেকে বিবাহিত কন্যাসন্তানদেরও অন্তর্ভুক্ত করা হবে।

কোন আইনের ভিত্তিতে সংশোধন?

সংবিধানের ৩০৯ নম্বর অনুচ্ছেদের ক্ষমতাবলে রাজ্যপাল ‘West Bengal Services (Death-cum-Retirement Benefit) Rules, 1971’-এর ৭ নম্বর নিয়মের নির্দিষ্ট উপধারায় সংশোধন করেছেন।

এই সংশোধনের লক্ষ্য হল ডেথ গ্র্যাচুইটির ক্ষেত্রে ‘পরিবার’-এর সংজ্ঞাকে আরও বিস্তৃত ও যুগোপযোগী করা।

এখন ‘পরিবার’ বলতে যাঁরা

নতুন নিয়ম অনুযায়ী ডেথ গ্র্যাচুইটির প্রাপক হিসাবে ‘পরিবার’-এর আওতায় থাকবেন—

  • মৃত পুরুষ কর্মীর স্ত্রী
  • মৃত মহিলা কর্মীর স্বামী
  • পুত্রসন্তান (সৎ পুত্র-সহ)
  • অবিবাহিতা, বিধবা ও বিবাহবিচ্ছিন্না কন্যা (সৎ কন্যা-সহ)
  • ১৮ বছরের কম বয়সি ভাই, অবিবাহিতা বা বিধবা বোন
  • প্রয়াত কর্মীর বাবা
  • প্রয়াত কর্মীর মা
  • বিবাহিত কন্যাসন্তান

পুরনো মামলাও নতুন করে বিবেচনা

বিজ্ঞপ্তির বিশেষ দ্রষ্টব্য অংশে জানানো হয়েছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে যদি কোনও সরকারি কর্মচারীর মৃত্যু হয়ে থাকে এবং তাঁর বিবাহিত বা বিবাহবিচ্ছিন্ন কন্যার গ্র্যাচুইটি সংক্রান্ত দাবি অমীমাংসিত অবস্থায় পড়ে থাকে, তবে সংশ্লিষ্ট দপ্তর নতুন নিয়ম অনুযায়ী সেই মামলাগুলি পুনর্বিবেচনা করে নিষ্পত্তি করতে পারবে।

নবান্ন সূত্রে খবর, নির্দেশিকাটি অবিলম্বে কার্যকর করতে ইতিমধ্যে সমস্ত সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরকে জানানো হয়েছে।

রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানিয়েছে, এতে মৃত সরকারি কর্মচারীদের বহু পরিবার উপকৃত হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.