ভোটার তালিকায় সাবেক ছিটমহলের বাসিন্দাদের নামের পাশে লেখা হয়েছে ‘Under Adjudication’।
ফলে প্রায় ১৫ হাজারের বেশি ভোটারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তালিকা প্রকাশের পরই তীব্র ক্ষোভ ছড়িয়েছে ছিটমহল এলাকায়।
বাসিন্দাদের অভিযোগ, নির্বাচন কমিশন তাঁদের নিয়ে ছিনিমিনি খেলছে।
জানা গিয়েছে, সাবেক ছিটমহলের প্রায় প্রত্যেক ভোটারের নামের পাশেই ‘বিচারাধীন’ মন্তব্য যুক্ত হয়েছে। অর্থাৎ তাঁদের নাম চূড়ান্তভাবে ভোটার তালিকায় থাকবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। মধ্যম শালডাঙার বাসিন্দা জয়নাল আবেদিন জানান, ২০১৫ সালে ছিটমহল বিনিময়ের মাধ্যমে দীর্ঘ ৬৮ বছরের নাগরিকত্বহীন জীবনের অবসান হয়েছিল।
কিন্তু এসআইআর প্রক্রিয়ার পর ফের তাঁদের অবস্থান অনিশ্চিত হয়ে পড়েছে।
তাঁর দাবি, কার্যত তাঁরা এখন ভোটাধিকার থেকে বঞ্চিত। এমনকি নাগরিকত্ব হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে বহু পরিবারের মধ্যে বাসিন্দাদের বক্তব্য, নির্বাচন কমিশন আগেই আশ্বাস দিয়েছিল কোনও সমস্যা হবে না। তবুও প্রকাশিত তালিকায় ‘বিচারাধীন’ উল্লেখ থাকায় আতঙ্ক বেড়েছে।
এই পরিস্থিতিতে সাবেক ছিটমহলের বাসিন্দারা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।
তাঁদের প্রশ্ন—নাগরিকত্ব পাওয়ার এক দশক পর আবার কেন অনিশ্চয়তা? এখন নজর নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে।
সমাধান না মিললে ইস্যুটি আরও বড় আকার নিতে পারে বলেই মনে করছেন অনেকে।