চাপের ম্যাচ। সামনে সেমিফাইনালের টিকিট। প্রতিপক্ষের স্কোরবোর্ডে ১৯৫।
এই পরিস্থিতিতে ব্যাট হাতে দাঁড়িয়ে একাই ম্যাচের রং বদলে দিলেন সঞ্জু স্যামসন।
ইডেন গার্ডেন্সে তাঁর ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংসে ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে শেষ চারে উঠল ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭৩ তাড়া করার নজির ভাঙল ১২ বছর পর। পাশাপাশি ২০১৬ সালের ওয়াংখেড়ের হারের বদলাও নেওয়া হল।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। পাওয়ার প্লেতে সাবধানে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ়। ওপেনিং জুটিতে আসে ৬৮ রান। অভিষেক শর্মা সহজ ক্যাচ ফেলায় রস্টন চেজ় বাঁচেন। পরে তিনি ২৫ বলে ৪০ করেন।
শিমরন হেটমায়ার শুরু থেকেই হাত খুলে খেলেন। তবে জসপ্রীত বুমরাহ ম্যাচে ফেরান ভারতকে। ১২ বলে ২৭ করা হেটমায়ার ও চেজ়—দু’জনকেই আউট করেন তিনি।
শেষ দিকে রভম্যান পাওয়েল (১৯ বলে ৩৪*) ও জেসন হোল্ডার (২২ বলে ৩৭*) ঝড় তোলেন। অর্শদীপ সিংহের এক ওভারে ২৪ রান ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৪ উইকেটে ১৯৫ তোলে ওয়েস্ট ইন্ডিজ়।
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। অভিষেক ১১ বলে ১০ করে ফেরেন। ঈশান কিশন ৬ বলে ১০। পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৩।
চার নম্বরে সূর্য ১৬ বলে ১৮ করে বিদায় নেন। তখন এক প্রান্তে অবিচল সঞ্জু। ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন। কোনও বাড়তি উল্লাস নয়, শুধু লক্ষ্যে চোখ।
তিলক বর্মা ১৫ বলে ২৭ করে গুরুত্বপূর্ণ সঙ্গ দেন। শেষ ৬ ওভারে দরকার ছিল ৬০ রান। হিসেবি ব্যাটিং, সঙ্গে বেছে নেওয়া বড় শট—ধীরে ধীরে ম্যাচ ভারতের দিকে ঘোরে।
শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতে জয় নিশ্চিত। ৯৭ রানে অপরাজিত সঞ্জু ভেঙে দিলেন বিরাট কোহলির ৮২ রানের নজির—টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়া করতে নেমে ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখন তাঁর দখলে।
তবে সব দুশ্চিন্তা মুছে যায়নি। স্পিনারদের ধার, ফিল্ডিংয়ের ভুল, অভিষেকের ফর্ম—সেমিফাইনালের আগে ভাবাবে গৌতম গম্ভীর ও সূর্যকে।
বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারত পেল আত্মবিশ্বাস।
এখন দেখার, সঞ্জুর এই ছন্দ শেষ চারের লড়াইয়েও বজায় থাকে কি না।