রাজ্যে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে তৎপর নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের ফুল বেঞ্চ আসার আগেই ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রবিবার কলকাতায় পৌঁছবে। পরদিন সোমবার রাজ্যে আসার কথা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের।
সূত্রের খবর, রাজ্যে এসে কমিশনের প্রতিনিধিরা মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দপ্তর, পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ভোটের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক পরিকাঠামো খতিয়ে দেখাই মূল উদ্দেশ্য।
তবে রাজনৈতিক মহল এবং প্রশাসনিক পর্যবেক্ষকদের নজর এখন ৬০ লক্ষের বেশি বিচারাধীন ভোটারের ভবিষ্যৎ নিয়ে কোনও আলোচনা হয় কি না, সেই দিকে। আদালত সূত্রে জানা গিয়েছে, বুধবার পর্যন্ত প্রায় সাড়ে ৪ লক্ষ বিচারাধীন ভোটারের বিষয় বিচারকদের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।
এদিকে ভোটের সময়সীমা বজায় রেখে একজনেরও ভোটাধিকার খর্ব না করে নির্বাচন করানো আদৌ সম্ভব কি না, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। আগামী ১০ তারিখ সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি রয়েছে, যেখানে বিচারাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের প্রসঙ্গ উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
তার আগেই আজ বৃহস্পতিবার ভোট প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সিইও দপ্তরের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে এই বৈঠক হবে। কমিশন সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা থেকে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে দু’দফায় বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রথম দফার বৈঠকে রাজ্য ও কেন্দ্রের ২৪টি তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন। সেখানে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার এবং বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শীর্ষ আধিকারিকদের থাকার সম্ভাবনা রয়েছে।
দুপুর ২টো থেকে দ্বিতীয় দফার বৈঠক হবে জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গে। সেখানে ভোট পরিচালনার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।