প্রথম পাতা খবর ভোটার তালিকা বিতর্কে উত্তাল সিইও দপ্তর, পূর্ণাঙ্গ তালিকার দাবিতে অবস্থানে বাম নেতৃত্ব

ভোটার তালিকা বিতর্কে উত্তাল সিইও দপ্তর, পূর্ণাঙ্গ তালিকার দাবিতে অবস্থানে বাম নেতৃত্ব

124 views
A+A-
Reset

ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। গত শনিবার এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’ হিসেবে তালিকায় রয়েছে। এই পরিস্থিতিতে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে সিইও দপ্তরের সামনে লাগাতার বিক্ষোভে নেমেছে বামেরা।

বুধবার রাত থেকে খোলা আকাশের নিচেই অবস্থান বিক্ষোভ শুরু করেন বাম নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকালেও সেই আন্দোলন জারি রয়েছে। আন্দোলনের নেতৃত্বে রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ বামফ্রন্টের একাধিক শীর্ষ নেতা। তাঁদের দাবি, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সরাসরি দেখা না করা পর্যন্ত এই আন্দোলন চলবে।

বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় অভিযোগ করে বলেন, “কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। ভোটার লিস্টে ভোটাররা থাকবেন না, আর কমিশনের আধিকারিকরা বহাল তবিয়তে থাকবেন—এটা মেনে নেওয়া যায় না।”

তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে সরাসরি দেখা করে স্মারকলিপি জমা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বৃহস্পতিবার বিকেল তিনটের সময় সিইও দপ্তরের সামনে বামেদের একটি সমাবেশও হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বুধবার টি বোর্ডের সামনে থেকে বামেদের মিছিল শুরু হয়। সেই মিছিলে হাঁটেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং নেতা সুজন চক্রবর্তী-সহ বাম নেতৃত্ব। তাঁদের অভিযোগ, চক্রান্ত করে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

মিছিল শেষে সিইও দপ্তরে পৌঁছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল বাম নেতাদের। তবে সিইও তাঁদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ। অধস্তন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিতে বলা হলেও বাম নেতারা তাতে রাজি হননি। তাঁদের দাবি, স্মারকলিপি সরাসরি সিইও-কেই দেওয়া হবে।

এরপরই সিইও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন বাম নেতা-কর্মীরা। বুধবার রাত থেকেই এই কর্মসূচি শুরু হয়েছে এবং বৃহস্পতিবার সকালেও তা অব্যাহত রয়েছে।

এদিকে বামেদের এই কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। সিইও দপ্তরের সামনে বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। উপস্থিত রয়েছেন লালবাজারের একাধিক উচ্চপদস্থ আধিকারিকও।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.