পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তালিকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে চমক রয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর আসন থেকেও প্রার্থী করা হয়েছে।
খড়্গপুর সদর কেন্দ্রে আরও একবার প্রার্থী করা হয়েছে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। অন্যদিকে প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে কলকাতার রাসবিহারী কেন্দ্রে।
হাওড়ার শিবপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষ। বরাহনগর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে এবং হাওড়া উত্তর কেন্দ্রে বিজেপির প্রার্থী উমেশ রাই।
বিজেপি সূত্রে আগেই ইঙ্গিত মিলেছিল যে বর্তমান বিধায়কদের অধিকাংশকেই এ বার টিকিট দেওয়া হবে। প্রথম দফার তালিকায় সেই প্রবণতাই স্পষ্ট। তবে ব্যতিক্রমও রয়েছে। বালুরঘাটের বর্তমান বিধায়ক অশোক লাহিড়ীকে এ বার টিকিট দেওয়া হয়নি। তাঁর পরিবর্তে ওই আসনে প্রার্থী করা হয়েছে বিদ্যুৎ রায়কে।
বর্তমান বিধায়কদের মধ্যে আসানসোল দক্ষিণ কেন্দ্রে ফের প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। বাঁকুড়ার শালতোড়া কেন্দ্রে আবারও লড়ছেন চন্দনা বাউড়ি। জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে আবারও প্রার্থী করা হয়েছে শিখা চট্টোপাধ্যায়কে। কোচবিহারের তুফানগঞ্জে ফের টিকিট পেয়েছেন মালতী রাভা রায়।
শিলিগুড়ি কেন্দ্রে বিজেপির প্রার্থী বিধানসভায় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। ভাটপাড়া কেন্দ্রে আবারও প্রার্থী করা হয়েছে অর্জুন সিংহের পুত্র পবন সিংহকে।
বর্তমান বিধায়কদের মধ্যে টিকিট পেয়েছেন কোচবিহার উত্তরের সুকুমার রায়, কুমারগ্রামের মনোজ ওঁরাও, কালচিনির বিশাল লামা, ফালাকাটার দীপক বর্মণ এবং নাগরাকাটার পুনা ভেংরা। এছাড়া মাটিগাড়া-নকশালবাড়ির আনন্দময় বর্মণ, ফাঁসিদেওয়ার দুর্গা মুর্মু, তপনের বুধরাই টুডু, গঙ্গারামপুরের সত্যেন্দ্রনাথ রায়, হবিবপুরের জুয়েল মুর্মু, গাজোলের চিন্ময় দেববর্মণ এবং দুর্গাপুর পশ্চিমের লক্ষ্মণ ঘোড়ুইও এ বার টিকিট পেয়েছেন।
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ কেন্দ্রে বিজেপির রাজ্য ওবিসি মোর্চার সভাপতি শুভেন্দু সরকারকে প্রার্থী করা হয়েছে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে প্রার্থী বদল করা হয়েছে। বর্তমান বিধায়ক সৌমেন রায়ের পরিবর্তে টিকিট দেওয়া হয়েছে উৎপল মহারাজকে।
বীরভূমের সিউড়ি কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য প্রার্থী করা হয়েছে বিজেপির রাজ্য সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়কে।
মুর্শিদাবাদ জেলায় ২০২১ সালের নির্বাচনে বিজেপি দুটি আসনে জয় পেয়েছিল। বহরমপুরে সুব্রত মৈত্র এবং মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ জিতেছিলেন। এ বারও ওই দুই আসনে তাঁদেরই প্রার্থী করা হয়েছে। বেলডাঙা কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে ভরত ঝাওয়ারকে, যিনি একসময় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং বেলডাঙা পুরসভার প্রাক্তন পুরপ্রধান।
রানাঘাটের দুই আসনে বর্তমান বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় এবং অসীম বিশ্বাস এ বারও বিজেপির টিকিট পেয়েছেন। ডায়মন্ড হারবার কেন্দ্রে আবারও প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক দীপককুমার হালদারকে। হুগলির পুরশুড়া এবং খানাকুলের বর্তমান বিধায়ক বিমান ঘোষ ও সুশান্ত ঘোষ ফের নিজেদের আসন থেকেই বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন। পূর্ব বর্ধমানের জামালপুর কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে জাতীয় তফসিলি জাতি কমিশনের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদারকে।