প্রথম পাতা খবর ভোটার তালিকা সংশোধনে ৯০ লক্ষের বেশি নাম বাদ—শীর্ষে উত্তর ২৪ পরগনা

ভোটার তালিকা সংশোধনে ৯০ লক্ষের বেশি নাম বাদ—শীর্ষে উত্তর ২৪ পরগনা

25 views
A+A-
Reset

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় চমকে দেওয়া পরিসংখ্যান সামনে এল। সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন জেলা ভিত্তিক ভাবে বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, বিবেচনাধীন (আন্ডার অ্যাডজুডিকেশন) তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। সব মিলিয়ে ৭ এপ্রিল পর্যন্ত মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়াল ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫।

কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দুই দফার তালিকা মিলিয়ে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর ২৪ পরগনা জেলায়—মোট ১২ লক্ষ ৬০ হাজার ৯৬ জন। এরপরই রয়েছে মুর্শিদাবাদ, যেখানে মোট বাদ পড়েছে ৭ লক্ষ ৪৮ হাজার ৯৫৯ জনের নাম। মালদহে বাদ গিয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১০ লক্ষ ৯১ হাজার ৯৮ জন, কলকাতায় ৬ লক্ষ ৯৭ হাজার ১৬০ জন এবং পূর্ব মেদিনীপুরে ১ লক্ষ ৬৫ হাজার ৩৪৫ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

বিবেচনাধীন তালিকায় মোট ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম। এর মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের তথ্য প্রকাশ করা হয়েছে। বাকি ২২ হাজার ১৬৩ জনের ক্ষেত্রে ই-স্বাক্ষরের কাজ এখনও বাকি রয়েছে বলে জানিয়েছে কমিশন। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে আরও কিছু নাম বাদ পড়া বা যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

উল্লেখ্য, খসড়া তালিকা প্রকাশের আগেই প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। পরে প্রথম দফার চূড়ান্ত তালিকায় আরও প্রায় ৫ লক্ষ নাম বাদ পড়ে। সেই প্রেক্ষিতেই তৈরি করা হয়েছিল বিবেচনাধীন তালিকা। সব মিলিয়ে, বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.