প্রথম পাতা খবর নন্দীগ্রামে সিইও-র সঙ্গে বিজেপি নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক, তৃণমূলের নিশানায় নির্বাচন কমিশন

নন্দীগ্রামে সিইও-র সঙ্গে বিজেপি নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক, তৃণমূলের নিশানায় নির্বাচন কমিশন

12 views
A+A-
Reset

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল-এর সঙ্গে বিজেপি নেতার উপস্থিতি ঘিরে তীব্র অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।

অভিযোগ, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে মনোজ আগরওয়ালের কাছাকাছি ঘুরতে দেখা যায় এক বিজেপি নেতাকে। তৃণমূলের দাবি, ওই ব্যক্তি হলেন তপনকুমার মহামাত্র, যিনি নন্দীগ্রামের কালীচরণপুর অঞ্চলের বিজেপির আহ্বায়ক এবং শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠ।

মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই অভিযোগ সামনে আনেন। তাঁরা ছবিও প্রকাশ করেন, যেখানে মনোজ আগরওয়ালের পাশে চিহ্নিত অবস্থায় ওই বিজেপি নেতাকে দেখা যাচ্ছে বলে দাবি।

কুণাল ঘোষের অভিযোগ, “একজন সিইও বিজেপির ক্যাডারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচন কমিশন নজিরবিহীন দলদাসত্ব করছে।” চন্দ্রিমা ভট্টাচার্যও কমিশনের ভূমিকা এবং সিইও-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

উল্লেখ্য, নির্বাচন ঘোষণার পর থেকেই প্রশাসনের একাধিক শীর্ষ পদে বদল আনা হয়েছে এবং বাইরে থেকে পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। এই নিয়োগ নিয়েও এর আগে বিজেপি-যোগের অভিযোগ তুলেছিল তৃণমূল।

তবে এই অভিযোগ খারিজ করেছে বিজেপি। নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল বলেন, “এই প্রথম একজন সিইও নিরপেক্ষভাবে কাজ করছেন। সাধারণ মানুষের কাছে তিনি ভগবান হয়ে উঠেছেন। ব্যক্তিগতভাবে কেউ কোথাও গেলে তা নিয়ে রাজনীতি করা উচিত নয়।” ভোটের আগে এই ধরনের অভিযোগ-প্রত্যাঘাত ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.