দ্বিতীয় দফার ভোটের দিনেই রাজ্যের আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত মিলেছে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কয়েকটি জেলায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কালবৈশাখীর প্রভাবে দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টি চলবে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ২৪ পরগনা, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় দমকা হাওয়া ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
এই আবহাওয়ার প্রভাবে তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমবে। আগামী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে বলে পূর্বাভাস। তবে এরপর আবার তাপমাত্রা স্থিতিশীল থাকবে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শেষে ঝড়বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও পুরোপুরি থামবে না। ফলে ভোটের দিন আবহাওয়া বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।