প্রথম পাতা খবর দক্ষিণ ২৪ পরগনায় ১৫ বুথে পুনর্নির্বাচন শুরু, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ

দক্ষিণ ২৪ পরগনায় ১৫ বুথে পুনর্নির্বাচন শুরু, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ

9 views
A+A-
Reset

দ্বিতীয় দফার ভোট ঘিরে বিতর্কের জেরে দক্ষিণ ২৪ পরগনার একাধিক বুথে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে পুনর্নির্বাচন। মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথ মিলিয়ে মোট ১৫টি বুথে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ চলছে। কড়া পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে আপাতত শান্তিপূর্ণভাবেই ভোট প্রক্রিয়া এগোচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। প্রথম দেড় ঘণ্টায় কোনও অশান্তির ঘটনা সামনে আসেনি।

উল্লেখযোগ্য বিষয়, প্রথম দফার ভোটে তেমন কোনও অভিযোগ ওঠেনি। তবে দ্বিতীয় দফার ভোট শেষ হতেই দক্ষিণ ২৪ পরগনার চারটি বিধানসভা কেন্দ্র জুড়ে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি ওঠে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ফলতা থেকে সর্বাধিক ৩২টি অভিযোগ জমা পড়ে। এছাড়া ডায়মন্ড হারবারে ২৯টি, মগরাহাটে ১৩টি এবং বজবজে ৩টি অভিযোগ সামনে আসে। অভিযোগের তালিকায় রয়েছে ইভিএমে টেপ লাগানো, মেশিনে আতর প্রয়োগ কিংবা সিসিটিভি ঢেকে দেওয়ার মতো নানা ঘটনা।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসে ভোটের শেষ মুহূর্তে—ভোটারের পকেটে নাকি স্পাই ক্যামেরা রাখা হচ্ছিল, যাতে বোঝা যায় কে কোন দলকে ভোট দিচ্ছেন। এই অভিযোগ ঘিরেই চাপে পড়ে নির্বাচন কমিশন। পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সরেজমিনে তদন্ত করেন এবং রিপোর্ট জমা দেন।

প্রথমে ফলতার ৩০টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হলেও শেষ পর্যন্ত কমিশন শুধুমাত্র মগরাহাট পশ্চিমের ১১টি ও ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনরায় ভোটের সিদ্ধান্ত নেয়। ফলতায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত না হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। শাসকদল প্রশ্ন তুলেছে, এত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন পুনর্নির্বাচনের প্রয়োজন হল।

পুনর্নির্বাচনকে ঘিরে প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তবে একের পর এক অভিযোগে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.