প্রথম পাতা খবর জিতলে আক্রান্ত কর্মীদের ‘পুরস্কার’, ২০০-র বেশি আসনের দাবি—গণনার আগে বার্তা মমতার

জিতলে আক্রান্ত কর্মীদের ‘পুরস্কার’, ২০০-র বেশি আসনের দাবি—গণনার আগে বার্তা মমতার

14 views
A+A-
Reset

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে তৃণমূল শিবিরে জোর প্রস্তুতি। শনিবার ২৯৪টি কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের নিয়ে দীর্ঘ ভারচুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই বৈঠক থেকেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—তৃণমূল ২০০-র বেশি আসনে জিততে চলেছে। তবে কোনও কেন্দ্রে জয়ের ব্যবধান কম হলে পুনর্গণনার দাবি তুলতে হবে বলেও নির্দেশ দেন দলনেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টিং এজেন্টদের উদ্দেশে বলেন, সকাল সকাল গণনাকেন্দ্রে পৌঁছে যেতে হবে এবং তিনি নিজে ফল ঘোষণা না করা পর্যন্ত কাউকে কেন্দ্র ছাড়তে বারণ করেন। পাশাপাশি, গণনার সময় প্রতিটি ধাপে সতর্ক থাকার বার্তা দেন তিনি। ইভিএম খোলার সঙ্গে সঙ্গে তথ্য নোট করা, ডায়েরি সঙ্গে রাখা এবং প্রতিটি সংখ্যা মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। এমনকি এজেন্টদের খাদ্যাভ্যাস নিয়েও সতর্ক করেন নেত্রী—বাইরের খাবার বা জল এড়িয়ে চলার পরামর্শ দেন।

অন্যদিকে, গণনার কারিগরি দিক নিয়ে বিস্তারিত দিকনির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ইভিএম আসার পর ফর্ম ১৭সি-র সঙ্গে সিরিয়াল নম্বর মিলিয়ে দেখা বাধ্যতামূলক। নম্বর না মিললে কোনওভাবেই মেশিন খোলা যাবে না। পাশাপাশি ভিভিপ্যাট গণনার দাবি তোলার নির্দেশও দেন তিনি। প্রতিটি ধাপে তথ্য নথিভুক্ত করা এবং তা সঠিকভাবে অ্যাপে আপলোড করার বিষয়েও জোর দেওয়া হয়।

অভিষেক আরও সতর্ক করে বলেন, গণনার সময় বিদ্যুৎ বিভ্রাট বা বাহিনীর মাধ্যমে চাপ সৃষ্টি করা হতে পারে। বিশেষ করে সংবেদনশীল জেলাগুলিতে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। প্রয়োজনে আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথাও উল্লেখ করেন, যদিও আইনি প্রক্রিয়া মেনে চলার কথাও জানান।

এই বৈঠক থেকে স্পষ্ট, ভোটগণনার আগে কোনও ঝুঁকি নিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.