প্রথম পাতা খবর উত্তরে অতি ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি

উত্তরে অতি ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি

14 views
A+A-
Reset

উত্তরবঙ্গে ফের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়তে চলেছে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা মনোরম হলেও সেই স্বস্তি আর বেশি দিন থাকছে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ পার্বত্য এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার ও শনিবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এদিকে পশ্চিমের জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বাড়বে তাপমাত্রা। আগামী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিও বাড়বে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৬ থেকে ৮৯ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। সকালে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকলেও পরে আংশিক মেঘলা হতে পারে। তবে রোদের তেজ এবং গরমের অস্বস্তি বজায় থাকবে বলেই পূর্বাভাস।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.