রাজ্যের সরকারি এবং সরকার-পোষিত স্কুলগুলিতে ক্লাস শুরু হওয়ার আগে জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। বৃহস্পতিবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। তিনি জানান, আগামী সোমবার থেকেই এই নিয়ম কার্যকর হবে এবং খুব শীঘ্রই এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, “আমি নবান্নে গিয়ে এই সংক্রান্ত নোটিস জারি করব। সোমবার থেকে সব বিদ্যালয়ে বন্দেমাতরম গেয়ে ক্লাস শুরু করতে হবে।” সূত্রের খবর, বিকাশ ভবন থেকে ইতিমধ্যেই জেলা স্কুল পরিদর্শকদের কাছে হোয়াট্সঅ্যাপ মারফত নির্দেশিকা পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট স্কুলগুলিকেও সেই বার্তা পৌঁছে দেওয়া শুরু হয়েছে।
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে এই নিয়ম কার্যকর হবে সরকারি স্কুলগুলিতে। পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও একই অনুশীলন শুরু করার অনুরোধ জানানো হতে পারে। সরকারি সূত্রের দাবি, জাতীয় গানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ ও শৃঙ্খলার পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ।
এদিন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কৃতী পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “তাঁরা স্বামী বিবেকানন্দের মন্ত্র ‘চরৈবেতি চরৈবেতি’ মেনে এগিয়ে যাক।” মুখ্যমন্ত্রী আরও জানান, মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের সঙ্গে কথা বলতে তিনি আগ্রহী। সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। শুভেন্দু আরও জানান, রাজ্য সরকারের শুভেচ্ছাবার্তা নিয়ে সংশ্লিষ্ট এলাকার মহকুমাশাসকেরা কৃতী পড়ুয়াদের বাড়িতে যাচ্ছেন। ভবিষ্যৎ প্রজন্মের এই সাফল্যকে উদ্যাপন করার বার্তাও দেন তিনি।