প্রথম পাতা খবর অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি শুরু বুধবার থেকে, মহিলাদের বিনামূল্যে বাসযাত্রারও ইঙ্গিত শুভেন্দুর

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি শুরু বুধবার থেকে, মহিলাদের বিনামূল্যে বাসযাত্রারও ইঙ্গিত শুভেন্দুর

10 views
A+A-
Reset

কল্যাণীতে মঙ্গলবার গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক থেকে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিলি। একইসঙ্গে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালুর ইঙ্গিতও দিলেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক বৈঠকের পর শুভেন্দু অধিকারী জানান, স্বাস্থ্য সাথী প্রকল্পকে আয়ুষ্মান ভারতে এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডারে রূপান্তরের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে হলে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, বুধবার বিকালে নবান্ন থেকে তিনি এবং সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল যৌথভাবে ওই ফর্ম প্রকাশ করবেন। তিনি বলেন, “এনরোলমেন্ট যত তাড়াতাড়ি হবে, তত দ্রুত সুবিধা দেওয়া সম্ভব হবে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে, তেমন তেমন ৩ হাজার টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে।”

তবে অন্নপূর্ণা যোজনার টাকা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা নিয়েও নতুন বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, “প্রাথমিকভাবে বিনামূল্যে বাস পরিষেবা চালু করা হবে। পরে মহিলাদের জন্য বিশেষ কার্ড তৈরি করে দেওয়া হবে। এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে।”

পাশাপাশি তিনি আরও জানান, আগামী ৮ জুন আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে আলোচনার জন্য দিল্লি যাবে রাজ্য সরকার। এছাড়াও আগামী সপ্তাহ থেকে ‘মুখ্যমন্ত্রীকে বল’ কর্মসূচির নাম বদলে ‘আপনার সরকারকে বল’ করা হবে বলেও ঘোষণা করেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.