প্রথম পাতা খবর যোগ দিবসে সরকাারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়, হাই কোর্টে জানাল রাজ্য

যোগ দিবসে সরকাারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়, হাই কোর্টে জানাল রাজ্য

9 views
A+A-
Reset

কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত সরকারি কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। কলকাতা হাই কোর্টে শুক্রবার এমনটাই জানাল রাজ্য সরকার। আদালতে রাজ্যের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, কোনও সরকারি কর্মী যোগ দিবসের অনুষ্ঠানে অংশ না নিলেও তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

প্রসঙ্গত, গত ১৪ জুন মুখ্যসচিবের দফতর থেকে জারি হওয়া একটি নির্দেশিকায় বলা হয়েছিল, রাজ্য সরকারের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড এবং সাম্মানিকভিত্তিক কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। একই নির্দেশ রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বশাসিত সংস্থা এবং স্থানীয় প্রশাসনিক সংস্থার কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছিল।

এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় বামপন্থী কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিংহ রাজ্যকে জানতে চান, এমন নির্দেশ জারির আইনি এক্তিয়ার তাদের রয়েছে কি না। সেই প্রশ্নের জবাবেই শুক্রবার রাজ্য জানায়, কর্মসূচিতে অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছাধীন এবং উপস্থিতি বাধ্যতামূলক নয়।

তবে আদালত রাজ্যের যোগ দিবস আয়োজনের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করেনি। কর্মসূচির উপর কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশও জারি করা হয়নি। যদিও জনসাধারণের স্বার্থে পুলিশকে বিকল্প যান চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত।

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর উপস্থিতিকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। রেড রোড এবং সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যান চলাচলেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্ষাকালের কথা মাথায় রেখে রেড রোডকেই মূল অনুষ্ঠানস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় ৩৮ হাজার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করেছেন। মূল মঞ্চের সামনে প্রায় ৩৫ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে।

২১ জুন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সকাল ৬টা ১৫ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে। এরপর শুরু হবে মূল যোগাভ্যাস কর্মসূচি, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনের আশা, কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আয়োজিত বিভিন্ন কর্মসূচি মিলিয়ে কয়েক লক্ষ মানুষ এবারের আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নেবেন।

স্লাগ:

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.