কলকাতা: কলকাতা মেট্রোয় নজিরবিহীন এক ঘটনার সাক্ষী থাকলেন যাত্রীরা। স্টেশনের রেললাইনের উপর দিয়ে হেঁটে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করেন এক মহিলা। সেই সময় দু’দিক থেকেই মেট্রো ট্রেন এগিয়ে আসতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনে। যাত্রীরা চিৎকার করে ট্রেন থামানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত সময়মতো ট্রেন থেমে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনাটি ঘটেছে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক মহিলা মেট্রোর লাইনের মাঝখান দিয়ে হাঁটছেন। দুই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা তাঁকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং হাত নেড়ে চালককে সতর্ক করার চেষ্টা করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে মেট্রো থেমে যাওয়ায় প্রাণে বেঁচে যান ওই মহিলা।
ঘটনার পর কলকাতা মেট্রোর তরফে যাত্রীদের উদ্দেশে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনের পাশে থাকা থার্ড রেলে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হয়। অসাবধানতাবশত সেটির সংস্পর্শে এলেই মুহূর্তের মধ্যে প্রাণহানির আশঙ্কা থাকে। তাই কোনও অবস্থাতেই যাত্রীদের মেট্রো লাইন পারাপার না করার আবেদন জানানো হয়েছে।
রেল কর্তৃপক্ষের দাবি, ভুল প্ল্যাটফর্মে চলে গেলে বা অন্য কোনও কারণে রেললাইন পার হওয়া অত্যন্ত বিপজ্জনক এবং আইনত দণ্ডনীয়ও। এমন ঘটনায় ধরা পড়লে জরিমানা-সহ কড়া শাস্তির মুখোমুখি হতে হতে পারে।
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, এত কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে একজন যাত্রী মেট্রোর লাইনে নেমে পড়লেন। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবিও উঠতে শুরু করেছে।