প্রথম পাতা খবর বাংলায় অভিন্ন দেওয়ানি বিধির পথে রাজ্য? সোমবার বিধানসভায় ইউসিসি বিল পেশের সম্ভাবনা

বাংলায় অভিন্ন দেওয়ানি বিধির পথে রাজ্য? সোমবার বিধানসভায় ইউসিসি বিল পেশের সম্ভাবনা

7 views
A+A-
Reset

কলকাতা: পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) চালুর পথে আরও এক ধাপ এগোতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী সোমবার বিধানসভায় ইউসিসি বিল পেশ করতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। বিধানসভার চলতি অধিবেশনেই বিলটি আনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে ইউসিসি চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একাধিক জনসভায় সেই প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছিলেন। নির্বাচনী ইস্তাহার বা ‘সংকল্প পত্র’-এও বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার অঙ্গীকার করা হয়েছিল। সরকার গঠনের পর এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই খবর।

অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি হল এমন একটি আইন, যেখানে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং লিভ-ইন সম্পর্কের মতো ব্যক্তিগত বিষয়ে ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একই আইন প্রযোজ্য হবে।

এর আগে গুজরাট, উত্তরাখণ্ড এবং অসমে ইউসিসি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, একই দেশের নাগরিকদের জন্য একই আইনি কাঠামো থাকা উচিত এবং ব্যক্তিগত আইনের ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটানোই ইউসিসির মূল উদ্দেশ্য।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউসিসির বিরোধিতা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তাঁর সরকার ক্ষমতায় থাকলে পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর হতে দেওয়া হবে না। তবে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকার এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে।

ইউসিসি বিল বিধানসভায় পেশ হলে তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা এবং বিতর্কের সম্ভাবনা রয়েছে। বিলটি পাশ করানোর ক্ষেত্রে সরকার কী অবস্থান নেয় এবং বিরোধী দলগুলি কী প্রতিক্রিয়া জানায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.