প্রথম পাতা খবর ডিম ছোড়ার ঘটনায় রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ হাই কোর্টের, বিস্তারিত রিপোর্ট তলব

ডিম ছোড়ার ঘটনায় রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ হাই কোর্টের, বিস্তারিত রিপোর্ট তলব

11 views
A+A-
Reset

কলকাতা: রাজনৈতিক নেতা-কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা রুখতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় গাইডলাইন তৈরির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে, এই ধরনের ঘটনা রোধে রাজ্য প্রশাসন কী কী পদক্ষেপ করেছে, তার বিস্তারিত রিপোর্টও তলব করেছে আদালত। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি হয়।

শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী রাজ্যের উদ্দেশে প্রশ্ন তোলেন, “সমাজিক সচেতনতা তৈরি করতে হবে। কী পদক্ষেপ নিয়েছেন? একজন-দু’জনকে গ্রেপ্তার করে কী হবে?” আদালতের মতে, শুধুমাত্র বিচ্ছিন্ন গ্রেপ্তার নয়, এ ধরনের ঘটনা রোধে বৃহত্তর সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন।

এ সময় বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় মন্তব্য করেন, “সবার সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব।” আদালত স্পষ্ট করে দেয়, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব।

রাজ্যের পক্ষে উপস্থিত অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, সরকার ইতিমধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছে যে, কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারে না। তিনি বলেন, “কোনও অভিযোগ না পেলে আমরা কীভাবে পদক্ষেপ নেব?”

এর জবাবে মামলাকারীদের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগ করেন, “পুলিশ এগুলো নিজেই করছে। পুলিশ মব লিঞ্চিং করছে, আর জনগণ কী করবে? আজই অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হোক। বিমানবন্দরের মতো সেনসিটিভ জায়গাতেও এই ধরনের আক্রমণ হচ্ছে। মন্ত্রী পর্যন্ত ডিম ছুঁড়তে বলছেন।” তিনি আদালতের কাছে প্রশ্ন তোলেন, এই ঘটনাগুলি রুখতে সরকার আদৌ কী পদক্ষেপ করেছে।

দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর ডিভিশন বেঞ্চ আপাতত কোনও অন্তর্বর্তী নির্দেশ জারি না করলেও, ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে রাজ্য সরকারকে প্রয়োজনীয় গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছে। পাশাপাশি, ডিম নিক্ষেপের ঘটনাগুলিতে প্রশাসনের নেওয়া পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট হলফনামা আকারে আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গ্রেফতার হওয়া একাধিক তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিকে আদালত বা থানায় নিয়ে যাওয়ার সময় তাঁদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের একাধিক ঘটনা সামনে এসেছে। এই ঘটনাগুলির প্রেক্ষিতেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.