কলকাতা: দক্ষিণবঙ্গে আপাতত টানা কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও আপাতত দুর্যোগ থেকে সম্পূর্ণ মুক্তি মিলছে না।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে রাজ্যের উপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। পাশাপাশি পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিরবচ্ছিন্নভাবে স্থলভাগে প্রবেশ করছে, যা বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি করছে।
বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। ওই দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঝড়বৃষ্টির বিশেষ কোনও সতর্কতা নেই। অন্যদিকে, বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে, বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সাত দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী কয়েক দিন রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃষ্টি অব্যাহত থাকবে। ফলে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।