কলকাতা: তারাতলা নির্মীয়মাণ গোডাউন ধসের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এক অনুষ্ঠানে নিহত ১৬ শ্রমিকের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের চেক এবং আহতদের ১ লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়। পাশাপাশি নিহতদের পরিবারের একজন সদস্যকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলেও ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, কলকাতার পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পুরসভার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে কোথায় কী ধরনের কাজের সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত জানানো হবে। তবে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাও বিবেচনা করা হবে বলে তিনি স্পষ্ট করেন।
অনুষ্ঠানে এক মৃত শ্রমিকের স্ত্রী চাকরির আবেদন জানালে মুখ্যমন্ত্রী বলেন, পুরসভার বিভিন্ন ক্ষেত্রে তাঁদের নিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও সরকার ভাবনাচিন্তা করছে বলে জানান তিনি।
আহত শ্রমিকদের চিকিৎসা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে। এ বিষয়ে অনুষ্ঠানের মঞ্চ থেকেই স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়াও নিহত শ্রমিকদের সন্তানদের শিক্ষার দায়িত্বও রাজ্য সরকার নেবে বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ২৪ জুন দুপুরে তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউন আচমকা ভেঙে পড়ে। সেই সময় সেখানে নির্মাণকাজ চলছিল। ধ্বংসস্তূপের নিচে বহু শ্রমিক চাপা পড়েন। পুলিশ, দমকল, এনডিআরএফ এবং সেনাবাহিনীর যৌথ উদ্ধার অভিযানে বহু শ্রমিককে উদ্ধার করা হলেও সরকারি হিসাব অনুযায়ী ১৬ জনের মৃত্যু হয়। ঘটনার পরই ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছিল রাজ্য সরকার। মঙ্গলবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি পুনর্বাসন ও চিকিৎসা সংক্রান্ত একাধিক পদক্ষেপের কথাও জানানো হল।