প্রথম পাতা খবর কলকাতা মেট্রোয় কড়া আইন, বাড়ল জরিমানা ও শাস্তি

কলকাতা মেট্রোয় কড়া আইন, বাড়ল জরিমানা ও শাস্তি

12 views
A+A-
Reset

কলকাতা: দূরপাল্লার ও লোকাল ট্রেনের পর এবার কলকাতা মেট্রোতেও কার্যকর হতে চলেছে নতুন জরিমানার বিধি। জন বিশ্বাস আইন, ২০২৬ অনুযায়ী বিনা টিকিটে যাত্রা, মেট্রো চত্বরে ধূমপান, মদ্যপ অবস্থায় যাত্রীদের বিরক্ত করা, অশোভন আচরণ বা নিষিদ্ধ এলাকায় প্রবেশের মতো একাধিক অপরাধে জরিমানা ও শাস্তি আরও কঠোর করা হয়েছে। ইতিমধ্যেই প্রতিটি মেট্রো স্টেশনে নতুন নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি লাগানোর কাজ শুরু হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, বিনা টিকিটে যাত্রা করলে জরিমানা ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্বে যাতায়াত করা বা অন্য যাত্রীর সঙ্গে একই গেট দিয়ে বেরিয়ে যাওয়ার ঘটনাকেও বিনা টিকিটে যাত্রা হিসেবে গণ্য করা হবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কোচ, কামরা বা ভূগর্ভস্থ স্টেশনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম ভাঙলে ২,০০০ টাকা জরিমানা দিতে হবে। প্রয়োজনে যাত্রীর টিকিট বা পাস বাজেয়াপ্ত করা হতে পারে। জরিমানা দিতে অস্বীকার করলে আদালতে হাজির করা হবে এবং ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

মদ্যপ অবস্থায় অন্য যাত্রীদের বিরক্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হবে। পাশাপাশি ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ড বা উভয় শাস্তির বিধানও রয়েছে।

এ ছাড়া মেট্রো চত্বরে অশালীন ভাষা ব্যবহার, অশোভন আচরণ বা অন্য যাত্রীদের অসুবিধা সৃষ্টি করলে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা এবং টিকিট বাতিল করা হতে পারে।

শুধু যাত্রী নয়, মেট্রো কর্মীদের ক্ষেত্রেও কঠোর নিয়ম জারি হয়েছে। দায়িত্ব পালনকালে কোনও কর্মী মদ্যপ অবস্থায় ধরা পড়লে এক বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় শাস্তি হতে পারে।

এ ছাড়া অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। জরিমানা দিতে অস্বীকার করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি হতে পারে।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আবেদন, নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সকল যাত্রী যেন নিয়ম মেনে চলেন এবং প্রশাসনকে সহযোগিতা করেন। যাত্রীদের সচেতন করতে ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনে প্রচারও শুরু হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.