প্রথম পাতা খবর পুজোর আগেই সরকারি কর্মীদের হাতে বাড়তি টাকা, ৩৮% ডিএ-র বিজ্ঞপ্তি জারি নবান্নের

পুজোর আগেই সরকারি কর্মীদের হাতে বাড়তি টাকা, ৩৮% ডিএ-র বিজ্ঞপ্তি জারি নবান্নের

9 views
A+A-
Reset

কলকাতা: দুর্গাপুজোর আগে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর। বহুল প্রতীক্ষিত মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। অর্থ দফতরের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে সংশোধিত ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। একই সঙ্গে পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের জন্যও ৩৮ শতাংশ হারে মহার্ঘ স্বস্তি (ডিআর) কার্যকর হবে।

মঙ্গলবার অর্থ দফতরের (অডিট ব্রাঞ্চ) অতিরিক্ত প্রধান সচিব পি. কে. মিশ্র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে রাজ্যের বাজেটে অতিরিক্ত ২০ শতাংশ ডিএ ঘোষণার পর জানানো হয়েছিল, নভেম্বর মাস থেকে তা কার্যকর হবে। পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, উৎসবের মরসুমের আগেই কর্মীদের হাতে বর্ধিত ডিএ পৌঁছে দেওয়া হবে। সেই ঘোষণাই এবার সরকারি নির্দেশিকায় সিলমোহর পেল।

কাদের জন্য প্রযোজ্য?

বর্ধিত ডিএ ও ডিআর পাবেন—

  • রাজ্য সরকারি কর্মচারী
  • সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী
  • পঞ্চায়েত ও পুরসভার কর্মচারী
  • সরকারি আন্ডারটেকিং ও বিধিবদ্ধ সংস্থার কর্মী
  • স্থানীয় সংস্থার কর্মচারী
  • পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগী

পুরনো বেতন কাঠামোয় থাকা কর্মীদের জন্যও সুবিধা

যাঁরা এখনও পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রি-রিভাইজড বেতন কাঠামোয় রয়েছেন, তাঁদের ডিএ ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে। একইভাবে রোপা ২০০৯ অনুযায়ী প্রি-রিভাইজড পেনশনভোগীদের ক্ষেত্রেও ডিআর ২২৩ শতাংশে উন্নীত করা হয়েছে।

দিনমজুরদের জন্যও ঘোষণা

যে সরকারি ডেইলি রেটেড কর্মীদের মজুরি ন্যূনতম মজুরি আইনের আওতায় নয়, তাঁদের দৈনিক মজুরিতে ১১০ টাকা অ্যাড-হক বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্তও ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে।

অতিরিক্ত আর্থিক সহায়তা নয়

অর্থ দফতর জানিয়েছে, সরকারি আন্ডারটেকিং ও বিধিবদ্ধ সংস্থাগুলিকে বর্ধিত ডিএ ও ডিআরের অতিরিক্ত ব্যয় নিজেদের তহবিল বা বরাদ্দ অর্থ থেকেই বহন করতে হবে। এ জন্য সরকার আলাদা করে কোনও অতিরিক্ত আর্থিক সহায়তা দেবে না।

ইতিমধ্যেই নির্দেশিকার অনুলিপি বিভিন্ন সরকারি দফতর, ট্রেজ়ারি, জেলাশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ফলে পুজোর আগেই কর্মী ও পেনশনভোগীদের হাতে বাড়তি অর্থ পৌঁছানোর পথ প্রশস্ত হল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.