প্রথম পাতা খবর বঙ্গজুড়ে বৃষ্টির দাপট অব্যাহত, ৩ জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা, কলকাতাসহ ৭ জেলায় হলুদ অ্যালার্ট

বঙ্গজুড়ে বৃষ্টির দাপট অব্যাহত, ৩ জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা, কলকাতাসহ ৭ জেলায় হলুদ অ্যালার্ট

7 views
A+A-
Reset

কলকাতা: বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। মৌসুমি অক্ষরেখা ও একাধিক ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কলকাতা-সহ সাত জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় বৃহস্পতিবার সারাদিন আকাশ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। বুধবার শহরে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার ও শনিবারও বিক্ষিপ্তভাবে একাধিক দফায় বৃষ্টি চলতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে মৌসুমি অক্ষরেখা ফিরোজপুর থেকে ডালটনগঞ্জ, কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়া উত্তর-পূর্ব বাংলাদেশ ও অসমে আরও দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই তিনটি আবহাওয়াগত ব্যবস্থার সম্মিলিত প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বহাল রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে স্বস্তির খবর, রবিবার থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গ—উভয় ক্ষেত্রেই বৃষ্টির পরিমাণ ও বিস্তার কমতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেদিন থেকে অধিকাংশ এলাকায় শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.