প্রথম পাতা খবর আয়ুষ্মান ভারতে জালিয়াতির অভিযোগ, তালিকা থেকে বাদ ২৩৫৯ হাসপাতাল

আয়ুষ্মান ভারতে জালিয়াতির অভিযোগ, তালিকা থেকে বাদ ২৩৫৯ হাসপাতাল

10 views
A+A-
Reset

আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা প্রকল্পে জালিয়াতি ও নিয়মভঙ্গের অভিযোগে কড়া পদক্ষেপ কেন্দ্রের। দেশের ২,৩৫৯টি হাসপাতালকে আয়ুষ্মান ভারত প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একই ধরনের অভিযোগে আরও ১,২০০টি হাসপাতালকে সাসপেন্ড করা হয়েছে। গত ৭ অগস্ট, শুক্রবার লোকসভায় লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নিয়মভঙ্গের অভিযোগে অভিযুক্ত হাসপাতালগুলির বিরুদ্ধে মোট ২৯টি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যবিমা প্রকল্পে প্রতারণা, ভুয়ো বিল কিংবা বেআইনি চিকিৎসা সংক্রান্ত বিল তৈরি রুখতে অভিযুক্ত হাসপাতালগুলির উপর ৩২৮.৪৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

সব মিলিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকা সাড়ে তিন হাজারেরও বেশি হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জালিয়াতি ধরতে AI ও Machine Learning

হাসপাতালগুলির অনিয়ম শনাক্ত করতে National Health Authority (NHA) কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং Machine Learning প্রযুক্তির সাহায্য নিচ্ছে।

ভুয়ো বিল, একই দাবির পুনরাবৃত্তি বা ডুপ্লিকেট ক্লেমের মতো অনিয়ম চিহ্নিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রের দাবি, AI ও Machine Learning-এর সাহায্যে অনেক ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যেই অনিয়ম শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।

কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত ৬৭৬.১৬ কোটি টাকার আর্থিক ক্ষতি ঠেকানো সম্ভব হয়েছে

উপভোক্তাদের সতর্ক থাকার পরামর্শ

এই পরিস্থিতিতে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নিতে যাওয়ার আগে সংশ্লিষ্ট হাসপাতালটি প্রকল্পের বর্তমান তালিকায় রয়েছে কি না, তা যাচাই করার পরামর্শ দিয়েছে কেন্দ্র। হাসপাতালের তালিকায় পরিবর্তন হওয়ায় পুরনো তথ্যের উপর নির্ভর না করে সংশ্লিষ্ট হাসপাতালের বর্তমান অবস্থান যাচাই করা গুরুত্বপূর্ণ।

৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা

২০১৮ সালে কেন্দ্রীয় সরকারের Ministry of Health and Family Welfare-এর অধীনে আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা প্রকল্প চালু হয়। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ৩ কোটি ৭৫ লক্ষ নতুন আয়ুষ্মান কার্ড তৈরি হয়েছে। একই সময়ে প্রকল্পের আওতায় ২ কোটি ৭৪ লক্ষ হাসপাতালে ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.