প্রথম পাতা খবর মালদহ মেডিক্যালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু! স্বাস্থ্যভবনের তলব পূর্ণাঙ্গ রিপোর্ট

মালদহ মেডিক্যালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু! স্বাস্থ্যভবনের তলব পূর্ণাঙ্গ রিপোর্ট

5 views
A+A-
Reset

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পর এবার মালদহ মেডিক্যাল কলেজে একদিনে ১০ নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। একই দিনে এতগুলি শিশুর মৃত্যু কীভাবে হল, তা খতিয়ে দেখতে মালদহ মেডিক্যাল কলেজের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মালদহ মেডিক্যাল কলেজে প্রসূতি মা ও নবজাতকদের জন্য পৃথক ভবন রয়েছে। ১১২০ শয্যার এই ভবনের নাম ‘মাতৃমা’। অভিযোগ, এই ভবনেই একদিনে ১০ নবজাতকের মৃত্যু হয়েছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত ১০ শিশুর মধ্যে আট জনকেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে মালদহ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল। ওই দিন মালদহ মেডিক্যাল কলেজে জন্ম নেওয়া দুই শিশুরও মৃত্যু হয়।

মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে শ্বাসকষ্ট, জন্ডিস-সহ একাধিক কারণের উল্লেখ রয়েছে। তবে একই দিনে ১০ নবজাতকের মৃত্যুর বিষয়টি স্বাস্থ্য দফতরের নজরে আসতেই নড়েচড়ে বসে স্বাস্থ্যভবন। গোটা ঘটনার কারণ খতিয়ে দেখতে রিপোর্ট চাওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।

অভিযোগ উঠেছে, ঘটনার পর প্রথমদিকে বিষয়টি সামনে আসতে দিতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে মৃত্যুর তথ্য আপলোড হওয়ার পর বিষয়টি নজরে আসে বলে জানা গিয়েছে। এরপরই স্বাস্থ্য দফতরের তরফে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

মালদহ মেডিক্যাল কলেজের সুপার প্রসেনজিৎ বর জানিয়েছেন, মৃত ১০ শিশুর মধ্যে মাত্র দু’জনের জন্ম মালদহ মেডিক্যাল কলেজে হয়েছিল। বাকি আট জনকে আশঙ্কাজনক অবস্থায় বাইরে থেকে রেফার করা হয়েছিল। স্বাস্থ্যভবনের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে এবং প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ রিপোর্টও পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, বৃহস্পতিবার জেলাশাসকের দফতরেও এই ঘটনা নিয়ে বৈঠক হয়েছে। প্রশাসনের এক আধিকারিকের বক্তব্য, একটি জেলায় এক সপ্তাহে শিশুমৃত্যুর হার গোটা রাজ্যের পরিসংখ্যানকে প্রভাবিত করেছে। জাতীয় স্তরের পরিসংখ্যানের নিরিখেও বিষয়টি উদ্বেগজনক বলে মন্তব্য করা হয়েছে।

ঘটনাচক্রে, আগস্টের দ্বিতীয় সপ্তাহেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দু’দিনে ১০ শিশুর মৃত্যুর অভিযোগ সামনে এসেছিল। তার কয়েক দিনের মধ্যেই মালদহ মেডিক্যাল কলেজে একদিনে ১০ নবজাতকের মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়ল রাজ্যের সরকারি হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা ব্যবস্থা।

এর আগে মালদহ মেডিক্যাল কলেজের পরিবেশ নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। হাসপাতাল চত্বরে ইঁদুরের উপদ্রব, যত্রতত্র আবর্জনা এবং রোগীর বেডের পাশেই ইঁদুর ধরার কল রাখার ছবি সামনে এসেছিল। বিষয়টি নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এবার নবজাতকের মৃত্যু নিয়ে স্বাস্থ্যভবনের রিপোর্ট তলবের ঘটনায় ফের আলোচনার কেন্দ্রে মালদহ মেডিক্যাল কলেজ।

এখন স্বাস্থ্যভবনের কাছে পাঠানো পূর্ণাঙ্গ রিপোর্টে কী কারণ উঠে আসে, এবং একই দিনে এতগুলি নবজাতকের মৃত্যুর ক্ষেত্রে হাসপাতালের কোনও গাফিলতি ছিল কি না, সেদিকেই নজর রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.