প্রথম পাতা খবর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, আগামী সপ্তাহে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, আগামী সপ্তাহে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

7 views
A+A-
Reset

কলকাতা: খাতায়কলমে শরৎ পেরিয়ে হেমন্তের শুরু। বিদায় নিয়েছে বর্ষাও। কিন্তু বৃষ্টির ভ্রুকুটি এখনও কাটেনি। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার। এর প্রভাবে আগামী সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টায় সেটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে যাবে। এর প্রভাবে শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে সেটি উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাব পড়তে পারে উপকূলবর্তী জেলাগুলিতে।

মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। তবে আগামী মঙ্গলবার থেকে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মঙ্গলবার দু’-এক পশলা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের এই জেলাগুলির পাশাপাশি বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরের জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকলেও বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।

বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের পূর্বাভাসও রয়েছে। তবে এখনই তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সব মিলিয়ে, হেমন্তের শুরুতেই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা তৈরি হওয়ায় আগামী সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.