প্রথম পাতা খবর ভেন্টিলেশন থেকে বেরিয়ে স্থিতিশীল রেখা পাত্র, এখনও ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টে

ভেন্টিলেশন থেকে বেরিয়ে স্থিতিশীল রেখা পাত্র, এখনও ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টে

6 views
A+A-
Reset

কলকাতা: শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের। সোমবার সকালে তাঁর ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে এখনও পুরোপুরি বিপদমুক্ত নন তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টে রাখা হয়েছে বিধায়ককে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষক্রিয়ার কারণে রেখা পাত্রের মুখে অতিরিক্ত লালা জমছিল। তিনি অসচেতন অবস্থায় থাকায় সেই লালা ফুসফুসে ঢুকে অক্সিজেন সরবরাহে বাধা তৈরি করছিল বলে সিটি স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে। এই পরিস্থিতিতে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। সোমবার সকালে সেই সাপোর্ট খুলে দেওয়া হলেও এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

চিকিৎসকদের মতে, রেখা পাত্রের রক্তচাপ, ক্রিয়েটিনিন ও ইউরিয়ার মাত্রা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি থাকায় তা কমানোর জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।

শনিবার রাতে হিঙ্গলগঞ্জের নিজের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সিসিইউ-তে ভর্তি করা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে।

বিধায়কের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, খাবারে বিষক্রিয়ার কারণে রেখা পাত্র অসুস্থ হয়েছেন। পরিবারের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।

বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালের রেফারেল কার্ডে উল্লেখ রয়েছে, রোগীর পেটে বিষাক্ত কাটনাশক থাকার দাবি করেছেন পরিজনেরা। তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে তাঁর শরীরে বিষক্রিয়া ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

সন্দেশখালির আন্দোলনের মুখ হিসেবে পরিচিত রেখা পাত্র পরে বিজেপির প্রার্থী হয়েছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রে। যদিও সেই নির্বাচনে তিনি জয়ী হননি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ থেকে জিতে বিধায়ক হন। তাঁর সাম্প্রতিক শারীরিক পরিস্থিতি নিয়ে বিজেপির অন্দরে উদ্বেগ রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.