কলকাতা: কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের ক্ষেত্রে এজেন্সিগুলিকে একাধিক নির্দেশ দিয়েছে ভবানী ভবন। প্রত্যেক ডেটা এন্ট্রি অপারেটরকে মাসে ১৬ হাজার টাকা বেতন দিতে হবে এবং সেই টাকা প্রতি মাসের ৭ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে। পাশাপাশি পুলিশের গোপন তথ্য ও ডেটাবেসের নিরাপত্তা বজায় রাখার বিষয়েও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন থানার অপরাধ সংক্রান্ত তথ্য, ডেটাবেস এবং বৈদ্যুতিন নথি প্রতিদিন ক্রাইম রেকর্ড ব্যুরোর দফতরে পাঠানো হয়। এই তথ্য পর্যালোচনা এবং ডেটাবেস পরিচালনার কাজ আরও দক্ষতার সঙ্গে করতে কম্পিউটার বিশেষজ্ঞ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের বিভিন্ন থানা, এসসিআরবি এবং সিআইডিতে মোট ১ হাজার ৪৪৮ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। পাশাপাশি কমিশন অন ইন্সটিটিউশনাল কোরাপশন-এ আরও আটজন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নিয়োগের সংখ্যা ১ হাজার ৪৫৬।
এই নিয়োগ হবে এজেন্সির মাধ্যমে। ভবানী ভবনের নির্দেশ অনুযায়ী, নিয়োগের আগে প্রত্যেক প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার সংক্রান্ত শংসাপত্র এবং পরিচয়পত্র যাচাই করতে হবে। প্রার্থীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। ওই সার্টিফিকেট ছাড়া কাউকে নিয়োগ করা যাবে না।
ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন নগদে দেওয়া যাবে না। প্রত্যেক মাসের ৭ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে এবং বেতন সংক্রান্ত পে স্লিপ দিতে হবে। নিয়ম অনুযায়ী ইপিএফ ও ইএসআই জমা করার দায়িত্বও থাকবে নিয়োগকারী এজেন্সির।
নির্দেশিকায় ছুটি ও কর্মসংক্রান্ত নিয়মও উল্লেখ করা হয়েছে। প্রত্যেক ডেটা এন্ট্রি অপারেটর সপ্তাহে একদিন ছুটি পাবেন। থানার ওসি অথবা সংশ্লিষ্ট ইউনিটের প্রধানের অনুমতি নিয়ে বছরে ১৫ দিন ক্যাজুয়াল লিভ নেওয়া যাবে।
কোনও কর্মী চাকরি ছেড়ে দিলে, দীর্ঘদিন অনুপস্থিত থাকলে অথবা প্রশাসনিক কারণে তাঁকে বাদ দেওয়া হলে এজেন্সিকে সাত দিনের মধ্যে নতুন কর্মী নিয়োগ করে পাঠাতে হবে। প্রত্যেক এজেন্সিকে একজন সুপারভাইজার বা সংযোগকারী আধিকারিক নিয়োগ করতে হবে, যিনি কর্মীদের সুযোগসুবিধা ও প্রশাসনিক বিষয় নিয়ে দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তথ্যের নিরাপত্তা। পুলিশের অপরাধ সংক্রান্ত ডেটাবেস, অফিসের রেকর্ড, পাসওয়ার্ড এবং অন্যান্য গোপন তথ্য যাতে কোনও কর্মী কপি করে বাইরে পাঠাতে না পারেন, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ই-মেল বা অন্য কোনও মাধ্যমে অনুমতি ছাড়া তথ্য বাইরে পাঠানো যাবে না। ডেটা এন্ট্রি অপারেটরদের এই গোপনীয়তা বজায় রাখার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের তরফে ইতিমধ্যেই নিয়োগের জন্য টেন্ডার ডাকা হয়েছে। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের এই প্রক্রিয়ায় যোগ্যতা যাচাই, বেতন, ছুটি ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।