প্রথম পাতা খবর সাতসকালে ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, উৎসস্থল নেপাল

সাতসকালে ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, উৎসস্থল নেপাল

7 views
A+A-
Reset

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ দু’দফায় কম্পন অনুভূত হয় দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায়। পাশাপাশি সিকিমেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল নেপাল।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) এবং মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। নেপালের কোশী অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল সিকিমের কাছাকাছি ছিল।

দার্জিলিং, কালিম্পং ও শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। নেপালের এই ভূমিকম্পের প্রভাব পড়েছে বিহার, ভুটান এবং বাংলাদেশের কিছু এলাকাতেও বলে জানা যাচ্ছে।

সকালের এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। প্রাতঃভ্রমণে বেরোনো মানুষজন এবং মাঠে শরীরচর্চা করতে যাওয়া অনেকেই ভূমিকম্প টের পান। কম্পন অনুভূত হতেই শিলিগুড়ি ও জলপাইগুড়ির একাধিক এলাকায় আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।

উল্লেখ্য, প্রায় দু’সপ্তাহ আগেও উত্তরবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছিল। গত ১২ নভেম্বর নেপালে উৎপত্তি হওয়া ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, সিকিম এবং বাংলাদেশের কিছু এলাকা। ফের নেপাল থেকে আসা ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গের পাহাড় ও সমতল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.