প্রথম পাতা খবর সরকারি হাসপাতালের ওপিডি ও ইন্ডোরে হকার প্রবেশ নিষিদ্ধ, পরিচ্ছন্নতা ও রোগীর নিরাপত্তায় স্বাস্থ্য দপ্তরের নির্দেশ

সরকারি হাসপাতালের ওপিডি ও ইন্ডোরে হকার প্রবেশ নিষিদ্ধ, পরিচ্ছন্নতা ও রোগীর নিরাপত্তায় স্বাস্থ্য দপ্তরের নির্দেশ

1 views
A+A-
Reset

হাসপাতাল চত্বরে হকার ও দোকানদারদের অবাধ যাতায়াত বন্ধ করতে কড়া পদক্ষেপ। মঙ্গলবার থেকেই বিভিন্ন হাসপাতালে বাড়ানো হয়েছে নজরদারি।

রোগীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে কড়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ইন্ডোর (IPD) এবং আউটডোর (OPD) বিভাগের ভিতরে হকার, বিক্রেতা ও দোকানদারদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের স্বাস্থ্যের সুরক্ষায় এই পদক্ষেপ বলে স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্দেশিকা জারির পর মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হাসপাতালের ওপিডি ও ইন্ডোর এলাকায় হকারদের প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে।

রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসএসকেএম হাসপাতালে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। ওই বৈঠকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের পাশাপাশি প্রশাসনের অন্যান্য কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকে রোগীদের পরিবারের সদস্যদের তরফে হাসপাতাল চত্বরে মোবাইল চুরি এবং অননুমোদিত ব্যক্তিদের অবাধ যাতায়াত নিয়ে অভিযোগ উঠে আসে।

রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ ছিল, অনেক সময় চিকিৎসা করাতে এসে হাসপাতালের ওপিডি এলাকায় চুরি ও নানা ধরনের হেনস্তার মুখে পড়তে হয়। রোগীর আত্মীয় পরিচয় দিয়ে অনেকে হাসপাতালের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান বলেও অভিযোগ করা হয়। সেই অভিযোগ সামনে আসার পরই হাসপাতালগুলির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য দপ্তর তৎপর হয়।

স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকায় রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। প্রতিদিন সরকারি হাসপাতালের ওপিডিতে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা করাতে আসেন। সেই ভিড়ের মধ্যে হকারদের অবাধ যাতায়াত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর।

এছাড়া, হাসপাতালে আসা রোগীদের মধ্যে সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিও থাকতে পারেন। হাসপাতালের চিকিৎসা পরিষেবা সংলগ্ন এলাকায় হকারদের অবাধ চলাচলের ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হতে পারে। পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রমণের ঝুঁকি কমানো এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারি হাসপাতালগুলির ইন্ডোর ও আউটডোর বিভাগে হকারদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.