প্রথম পাতা খবর সিঙ্গুরে অশোক লেল্যান্ডের কারখানা? জমি প্রস্তুত রাখার বার্তা মুখ্যমন্ত্রীর, বিনিয়োগ নিয়ে বাড়ছে জল্পনা

সিঙ্গুরে অশোক লেল্যান্ডের কারখানা? জমি প্রস্তুত রাখার বার্তা মুখ্যমন্ত্রীর, বিনিয়োগ নিয়ে বাড়ছে জল্পনা

6 views
A+A-
Reset

রাজ্যে শিল্প ও কর্মসংস্থান নিয়ে আরও আশার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিঙ্গুরে ফের গাড়ি কারখানা গড়ার সম্ভাবনা নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। এবার সেই জল্পনায় আরও ইন্ধন জোগাল মুখ্যমন্ত্রীর বক্তব্য। অশোক লেল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে সিঙ্গুরে জমি নিয়ে তাঁর কথাবার্তা হয়েছে বলে মঙ্গলবার জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নদিয়ার হরিণঘাটায় অম্বানীদের কারখানার ভূমিপূজনের দিনক্ষণও ঘোষণা করেছেন তিনি।

মঙ্গলবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে সিঙ্গুরে শিল্প স্থাপনের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সকালে অশোক লেল্যান্ডের তরফে তাঁর কাছে ফোন এসেছিল। সংস্থার কর্তার সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘আজ সকালে আমাদের অশোক লেল্যান্ডের (হিন্দুজা গোষ্ঠী) ফোন এল। তাঁর ছেলের বিয়ে। প্রথমেই বললেন, আমার জমি রেডি আছে তো? আমি বললাম, হ্যাঁ, রেডি আছে।’’

মুখ্যমন্ত্রীর বক্তব্য, সিঙ্গুরে শিল্পের জন্য জমি দিতে তাঁর সরকার প্রস্তুত। উপযুক্ত মূল্য দিয়ে জমি কিনে তা শিল্পের জন্য হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। ফলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

এর আগে গত ২১ নভেম্বর সিঙ্গুরে অশোক লেল্যান্ডের বিনিয়োগ নিয়ে কথাবার্তা এগোনোর কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যোগ দিতে সেদিন খড়্গপুর আইআইটিতে গিয়েছিলেন তিনি। কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক তৈরির কারখানা গড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা এগিয়েছে বলে জানিয়েছিলেন সুকান্ত।

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর সিঙ্গুরে অশোক লেল্যান্ডের সম্ভাব্য শিল্প প্রকল্প নিয়ে বিষয়টি আরও স্পষ্ট ইঙ্গিত পেয়েছে বলে মনে করা হচ্ছে। তবে প্রকল্পের চূড়ান্ত ঘোষণা, বিনিয়োগের পরিমাণ কিংবা কারখানা নির্মাণের সময়সীমা এখনও সামনে আসেনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.