প্রথম পাতা খবর মোদির ব্রিগেড সভা ঘিরে কলকাতায় যান নিয়ন্ত্রণ, একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

মোদির ব্রিগেড সভা ঘিরে কলকাতায় যান নিয়ন্ত্রণ, একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

7 views
A+A-
Reset

বিধানসভা নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভার পাশাপাশি জনসভা করবেন তিনি। এই সভাকে কেন্দ্র করে শহরের একাধিক রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

ট্রাফিক পুলিশের তরফে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শনিবার সকাল থেকেই শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। যে রাস্তাগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে তার মধ্যে রয়েছে এসপ্ল্যানেড, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইনসওয়ে।

এছাড়া পণ্যবাহী সমস্ত ভারী যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম সামগ্রী, তেল, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ বহনকারী গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সংলগ্ন এলাকাতেও যানবাহন পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোডের মধ্যবর্তী এজেসি বোস রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেনে গাড়ি পার্ক করা যাবে না।

ট্রাফিক পুলিশের মতে, শিয়ালদহ ও হাওড়া স্টেশন, দক্ষিণ ও উত্তর কলকাতার বিভিন্ন অংশ, শ্যামবাজার এবং ধর্মতলা থেকে মিছিল ব্রিগেডের দিকে আসতে পারে। সেই কারণে শহরের বিভিন্ন রুটে যান চলাচলের ক্ষেত্রে পরিবর্তন আনা হতে পারে।

জানা গিয়েছে, ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাম এবং অন্যান্য যানবাহনের রুট ঘুরিয়ে দেওয়া হতে পারে। পরিস্থিতি অনুযায়ী শহরের অন্য রাস্তাগুলিতেও যান চলাচলের নিয়ম পরিবর্তন করা হতে পারে বলে ট্রাফিক পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, শনিবারের সভাকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ব্রিগেড ময়দানে। প্রায় ১০ ফুট উচ্চতা এবং ৮০ ফুট চওড়া মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে ফুটে উঠেছে বাঙালিয়ানার ছোঁয়া। মঞ্চের পটভূমিতে রাখা হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিরূপ। এছাড়াও বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্প, পটচিত্র এবং উত্তরবঙ্গের হাতির প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, বাংলার সংস্কৃতির ছোঁয়ায় সাজানো এই মঞ্চের মাধ্যমে বঙ্গবাসীর কাছে বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করছে বিজেপি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.