বঙ্গোপসাগরে ফের সক্রিয় নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবেই আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতায় বৃষ্টি হতে পারে মঙ্গলবার।
এ ছাড়া হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়াতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই জেলাগুলির জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা
দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে সোমবার ও মঙ্গলবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের তাপমাত্রায় আগামী সাত দিনে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
তাপমাত্রার হালচাল
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তার পরের কয়েক দিনে তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের ইঙ্গিত নেই।
কলকাতা ও শহরতলিতে শীতের আমেজ প্রায় উধাও। রবিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি।
সব মিলিয়ে, শীত বিদায়ের মুখে নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে।