প্রথম পাতা খবর দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ মমতার, আলোচনা একাধিক বিষয়ে

দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ মমতার, আলোচনা একাধিক বিষয়ে

350 views
A+A-
Reset

পূর্বনির্ধারিত কর্মসূচি না থাকলেও শনিবার দিল্লিতে বিচারপতিদের সম্মেলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা মনে করা হচ্ছিল, শেষ পর্যন্ত ঘটল তেমনটাই। শনিবারের বারবেলায় শেষ পর্যন্ত মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র মুখোমুখি হওয়াই নয়, দুজনের মধ্যে কথাও হয় বেশ কিছু সময়। দুজনের আলোচনায় উঠে আসে বেশ কিছু সাম্প্রতিক বিষয় বলেও জানা গিয়েছে।

দিল্লির বিজ্ঞান ভবনে শনিবার বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের সম্মেলন ছিল। সকাল সকালই সেখানে পৌঁছে যান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এই সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকেলেই দিল্লি পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর সঙ্গে দেখা করে একান্তে বৈঠক সারেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এরপর শনিবার মমতা পৌঁছে যান দিল্লির বিজ্ঞান ভবনে। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ”পশ্চিমবঙ্গে ৭২ জন বিচারকের কাজ করার অপশন থাকলেও মাত্র উনচল্লিশ জনকে নিয়ে কাজ করতে হচ্ছে। আমরা ছ’মাস আগে ১৩ জনের তালিকা পাঠিয়েছিলাম। মাত্র একজনের নিয়োগের অনুমতি পেয়েছি।”

সূত্রের খবর, এদিন সম্মেলনের শেষে মোদি ও মমতার মধ্যে প্রায় ১৫ মিনিট ধরে কথা হয়েছে। উঠে এসেছে ভাষার প্রসঙ্গ। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী যে আঞ্চলিক ভাষাগুলিতে জোর দেওয়ার কথা বলেছেন, তাতে খুশি মুখ্যমন্ত্রী। এর জন্য তিনি মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া আরও একাধিক বিষয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে। তবে তা ঠিক কী কী, সে বিষয় স্পষ্ট করেননি কেউই। তবে মোদি-মমতার এই সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.