প্রথম পাতা খবর প্রতীক উর ইস্যুতে সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন সেলিম, ‘দল সিদ্ধান্ত নেবে’ বার্তা সিপিএমের

প্রতীক উর ইস্যুতে সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন সেলিম, ‘দল সিদ্ধান্ত নেবে’ বার্তা সিপিএমের

109 views
A+A-
Reset

সিপিএমের অন্দরে টানাপোড়েনের আবহের মধ্যেই যুবনেতা প্রতীক উর রহমান-কে ঘিরে প্রশ্ন উঠতেই সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শুক্রবার আলিমুদ্দিনে রাজ্য কমিটির দু’দিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমে প্রশ্ন এড়িয়ে গেলেও পরে দলের অবস্থান কিছুটা স্পষ্ট করেন তিনি।

বিধানসভা নির্বাচনের মুখে দলের রণকৌশল ও কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সেলিম। তৃণমূল ও বিজেপির থেকে সমদূরত্ব বজায় রেখে ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে আলোচনায় আগ্রহের কথাও বলেন তিনি। তবে ‘বিদ্রোহী’ হয়ে ওঠা প্রতীক উরকে নিয়ে প্রশ্ন উঠতেই সেলিমের কড়া জবাব—“আমি কারও শুনানির জন্য বসিনি। এখানে কেউ ফরিয়াদ করেনি। সাংবাদিক সম্মেলন এসবের জায়গা নয়।”

অভিযোগ, তদন্ত ও দলীয় অবস্থান

পরে অবশ্য প্রতীক উরকে নিয়ে দলের অভ্যন্তরীণ প্রক্রিয়ার কথা জানান সেলিম। তাঁর বক্তব্য, গত দেড়-দু’মাসে প্রতীকের বিরুদ্ধে অভিযোগ এসেছে। বিষয়টি দলীয় কমিটির কাছে পাঠানো হয়েছে এবং তিনি নিজেও সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছিলেন। সেই সময় থেকেই সম্পর্কের টানাপোড়েন শুরু হয় বলে ইঙ্গিত দেন তিনি।

সেলিমের দাবি, সংবাদমাধ্যম থেকেই জানতে পেরেছেন প্রতীক নাকি অন্য দলের সঙ্গে যোগাযোগ করেছেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল, জানিয়ে দেন তিনি। পাশাপাশি বলেন, “প্রতীকের ব্র্যান্ড ভ্যালু সিপিএম থেকেই তৈরি হয়েছে। এই ধরনের কর্মীদের হারালে সন্তানহারা হওয়ার সমান বেদনা হয়।”

চিঠি ফাঁস ও জল্পনা

সপ্তাহের শুরুতে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আপত্তি জানিয়ে সিপিএমের প্রাথমিক সদস্যপদ ও বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব ছাড়তে চেয়ে চিঠি লেখেন প্রতীক উর রহমান। সেই চিঠি প্রকাশ্যে আসে তৃণমূল নেতা কুণাল ঘোষ-এর মাধ্যমে। এরপর থেকেই বিতর্ক আরও তীব্র হয়। চিঠি কীভাবে বাইরে এল, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রতীক নিজেও।

সাম্প্রতিক সিপিএম রাজ্য সম্মেলনে তাঁকে আমন্ত্রণ না-জানানোয় দ্বন্দ্ব আরও প্রকট হয় বলে রাজনৈতিক মহলের মত। এর মধ্যেই প্রতীক উরের সম্ভাব্য তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা ছড়িয়েছে।

ইঙ্গিতবাহী মন্তব্য

শুক্রবারের সাংবাদিক বৈঠকে সেলিম বলেন, “কাক কান নিয়ে গিয়েছে? কানটা ধরে দেখুন আছে কিনা।” পাশাপাশি তাঁর মন্তব্য, কয়েকটি সাক্ষাৎকার বা স্ক্রিপ্টে সিপিএম হারবে না। দলের তরুণ প্রজন্মও ভেঙে পড়বে না।

সবশেষে আরও ইঙ্গিতপূর্ণ ভাষায় সেলিম বলেন, “কেউ বাস বা ট্রেন থেকে পড়ে যেতে চাইলে হাত বাড়িয়ে দিতে হয়। তবে কাউকে বাঁচাতে গিয়ে নিজে যেন ভেসে না যাই, সে দিকেও খেয়াল রাখতে হয়।”

প্রতীক উর ইস্যুতে সিপিএমের অন্দরের এই টানাপোড়েন বিধানসভা নির্বাচনের আগে কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.