টলিউডের নেপথ্য কলাকুশলীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বড় উদ্যোগ নিলেন অভিনেতা ও সাংসদ দেব। তাঁর অনুরোধে সাড়া দিয়ে বাংলার চলচ্চিত্র জগতের প্রায় ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় অভিনেতা-অভিনেত্রীরা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, দীর্ঘদিন ধরেই নেপথ্যের টেকনিশিয়ানদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসুরক্ষা না থাকার অভিযোগ ছিল। সেই প্রেক্ষিতেই টলিউডের কলাকুশলীদের জন্য মেডিক্লেম বা স্বাস্থ্যবিমার দাবি উঠছিল বহুদিন ধরে।
এই পরিস্থিতিতে টেকনিশিয়ানদের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়ার আবেদন জানান দেব। তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে বাংলার সিনে ইন্ডাস্ট্রির প্রায় ৭ হাজার কলাকুশলীকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার অনুমোদন দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অনুমোদনের পর বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া পেজে সেই সুখবর শেয়ার করেন দেব। ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠির একটি অনুলিপি পোস্ট করে তিনি লেখেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ। মাননীয়া বাংলা সিনে ইন্ডাস্ট্রির ৭০০০-এরও বেশি পরিশ্রমী কলাকুশলীদের কল্যাণে আমার অনুরোধ মেনে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।”
পাশাপাশি দেব জানিয়েছেন, আগামী ১৭ মার্চ সকাল থেকে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে একটি বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প আয়োজন করা হবে। এই ক্যাম্পের মাধ্যমে টেকনিশিয়ানরা স্বাস্থ্যসাথী প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। নির্ধারিত সময়মতো কলাকুশলীদের সেখানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন অভিনেতা-সাংসদ। দেবের এই উদ্যোগে স্টুডিওপাড়ার টেকনিশিয়ানদের মধ্যে ইতিমধ্যেই খুশির সুর। তাঁদের মতে, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় টলিউডের নেপথ্য শিল্পীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর।