বাংলায় বিনিয়োগ টানতে শুক্রবার বহুজাতিক সংস্থা লুলু গোষ্ঠীর সঙ্গে একান্তে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দুবাইয়ের ওই বৈঠকে নিউটাউনে বিশ্বমানের মল খোলার আশ্বাস দিয়েছে ওই সংস্থা।
স্পেন সফর শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এখন রয়েছেন দুবাইয়ে। এ দিনের শিল্প সম্মেলনের আগে ওই গোষ্ঠীর একজিকিউটিভ ডিরেক্টর আশরফ আলির সঙ্গে বৈঠকে বসেন তিনি। সূত্রের খবর, বৈঠক সদর্থক হয়েছে। রাজ্যে বিনিয়োগ-সহ বিভিন্ন ক্ষেত্রে এক সঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে দু’জনের।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বৈঠকের পর সিদ্ধান্ত অনুযায়ী, নিউটাউনে একটি বিশ্বমানের শপিং মল খুলবে লুলু গ্রুপ। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা এই সংস্থার প্রতিটি স্টোরে বিশ্ববাংলার নিজস্ব জিনিসপত্র রাখা হবে। একইসঙ্গে, লুলু গ্রুপকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৈঠকের পর এক্স হ্যান্ডেলে ক্যাপশন-সহ একটি ছবি দেন মুখ্যমন্ত্রী। তাতে লেখা, ‘আজ, লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর, আশরাফ আলিমার সঙ্গে বৈঠক হল। বাংলার বাণিজ্যিক উন্নতির জন্য এই বৈঠক অন্তত আশাব্যঞ্জক। নিউটাউনে বিশ্বমানের শপিং মল-সহ একঝাঁক দুরন্ত উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। লুলু-র রিটেল আউটলেটে বিশ্ববাংলার পণ্যগুলি রেখে তামাম বিশ্বে সেগুলির প্রচারের কথাও এদিন আলোচনা হয়। এছাড়াও মৎস্য প্রক্রিয়াকরণ, পোলট্রি, দুগ্ধজাত এবং মাংস প্রক্রিয়াকরণের মতো শিল্পেও বিনিয়োগে উৎসাহ দেখিয়েছে লুলু গ্রুপ। তাদের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩-এ নিমন্ত্রণ করতে পেরে নিজেকে সফল বলে মনে হচ্ছে। সেখানেই আমরা যৌথ উদ্যোগ এবং যুগ্ন উন্নয়নের দিশা নির্ণয় করতে পারব।’
বলে রাখা ভালো, এই বহুজাতিক সংস্থার শিকড় অবশ্য কেরলে। লুলুর কর্ণধার তথা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হলেন ইউসুফ আলি মুসালিয়াম ভেট্টিল আবদুল কাদের। আবুধাবি স্থিত এই বিলিয়নেয়ার শিল্পপতির জন্ম আসলে কেরলের ত্রিশূরে। তার পর পড়াশুনা শেষ করে চলে যান দুবাইতে।