প্রথম পাতা খবর এপ্রিল থেকেই মিলবে যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা, কবে কোথায় আবেদন? জানালেন মুখ্যমন্ত্রী মমতা

এপ্রিল থেকেই মিলবে যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা, কবে কোথায় আবেদন? জানালেন মুখ্যমন্ত্রী মমতা

16 views
A+A-
Reset

কলকাতা: বাজেটে ঘোষণা হলেও ‘যুবসাথী’ প্রকল্পটি কবে থেকে চালু হবে, তা নিয়ে জল্পনা ছিল। মঙ্গলবার সেই জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আগামী ১ এপ্রিল থেকেই রাজ্যে কার্যকর হতে চলেছে ‘যুবসাথী’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

কারা পাবেন এই সুবিধা?

মুখ্যমন্ত্রী জানান, যে সমস্ত তরুণ-তরুণী মাধ্যমিক বা দশম শ্রেণি পাশ করেছেন, তাঁরাই এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। মাসে ১৫০০ টাকা করে আগামী পাঁচ বছর অথবা চাকরি না পাওয়া পর্যন্ত এই ভাতা মিলবে। তবে শর্ত থাকে যে, অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা বা বৃত্তি পেলে এই ভাতা মিলবে না। যদিও ঐক্যশ্রী, মেধাশ্রী বা স্মার্টকার্ডের মতো স্কলারশিপ পেলে এই আবেদনের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না।

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু বিশেষ শিবির

আবেদনপত্র জমা নেওয়ার জন্য রাজ্যজুড়ে ‘দুয়ারে সরকার’-এর ধাঁচে শিবির করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ২৯৪টি বিধানসভা কেন্দ্রে এই বিশেষ শিবিরগুলি চলবে। ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, সময় কম থাকায় এবার অনলাইনে কোনও আবেদন নেওয়া হবে না। আবেদনকারীদের সশরীরে শিবিরে এসে দরখাস্ত জমা দিতে হবে এবং সেখান থেকেই তাঁরা প্রাপ্তি স্বীকারের রসিদ পাবেন।

ভূমিহীন ক্ষেতমজুরদের জন্যও সুখবর

শুধু যুবসমাজই নয়, গ্রামীণ অর্থনীতিতে জোয়ার আনতে ভূমিহীন ক্ষেতমজুরদের জন্যও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ভূমিহীন ক্ষেতমজুররা বছরে দু’বার ২০০০ টাকা করে (মোট ৪০০০ টাকা) আর্থিক সহায়তা পাবেন। শিবিরের কৃষি বিভাগ এবং মাইনর ইরিগেশন বিভাগ এই বিষয়টি তদারকি করবে।

মুখ্যমন্ত্রী বলেন, “নতুন অর্থবর্ষ ১ এপ্রিল থেকেই শুরু হচ্ছে, তাই আমরা ১৫ অগস্ট পর্যন্ত অপেক্ষা না করে ওই দিন থেকেই টাকা দেওয়া শুরু করছি।” এই প্রকল্পের মাধ্যমে বাংলার লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীর হাতে সরাসরি আর্থিক সুবিধা পৌঁছে দিতে চাইছে নবান্ন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.