আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় ভোট প্রচার শুরু করতে পারেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল সূত্রে এমনই ইঙ্গিত মিলছে। ঈদের পর থেকেই তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে পারেন বলেই খবর।
সূত্রের দাবি, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর জেলা সফরের চূড়ান্ত সূচি প্রকাশ্যে আসতে পারে। তবে প্রতি বারের মতো এবারও উত্তরবঙ্গ থেকেই তিনি ভোট প্রচার শুরু করবেন বলে মনে করা হচ্ছে। কারণ, প্রথম দফার ভোটই হচ্ছে উত্তরবঙ্গে, ফলে সেই অঞ্চলকে ঘিরেই প্রচারের সূচনা করার সম্ভাবনা প্রবল।
উল্লেখ্য, নির্বাচন ঘোষণার মাত্র দুদিনের মধ্যেই, মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থীরা। তবে মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে কর্মী-সমর্থকদের মধ্যে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ‘ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা’ ইস্যুকেই সামনে রেখে প্রচারে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর পর্ব থেকেই এই ইস্যুতে সরব ছিলেন তিনি। এবার জনসভায় গিয়েও এই বিষয়টি জোরালোভাবে তুলে ধরবেন বলেই ধারণা।
এদিকে, দিনহাটার তৃণমূল প্রার্থী তথা বিদায়ী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, সকলেই মুখ্যমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন। তাঁর মতে, মুখ্যমন্ত্রী এসে নির্বাচনী লড়াইয়ের রূপরেখা স্পষ্ট করে দেবেন।
প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে দু’দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল বাকি ১৪২টি আসনে ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট যেহেতু উত্তরবঙ্গেই, তাই সেখান থেকেই মুখ্যমন্ত্রীর প্রচার শুরু হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।