প্রথম পাতা খবর ভোট ঘোষণার পর প্রথমবার পথে মমতা, গ্যাসের মূল্যবৃদ্ধি ইস্যুতে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং মিছিল

ভোট ঘোষণার পর প্রথমবার পথে মমতা, গ্যাসের মূল্যবৃদ্ধি ইস্যুতে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং মিছিল

9 views
A+A-
Reset

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরদিনই ফের পথে নামছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতায় রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করবেন তিনি। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই পদযাত্রা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
যদিও এই কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছিল, তবে ভোটের দিনক্ষণ প্রকাশের পরদিনই এই কর্মসূচি হওয়ায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। রাজনৈতিক মহলের মতে, এই মিছিল থেকেই বিজেপি এবং কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ করতে পারেন তৃণমূল নেত্রী।
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একাধিকবার অভিযোগ করেছেন, মোদি সরকারের আমলে গ্যাসের দাম ৪০০ টাকা থেকে বেড়ে প্রায় হাজার টাকায় পৌঁছে গিয়েছে। সাধারণ মানুষের স্বার্থের কথা তুলে ধরেই এই ইস্যুতে আন্দোলনের পথে নেমেছেন তিনি।
এর আগেও সম্প্রতি পাঁচ দিন ধরে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনা কর্মসূচি করেছিলেন মমতা। তাঁর অভিযোগ ছিল, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদিও পরে সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখে সেই ধরনা কর্মসূচি প্রত্যাহার করেন তিনি।
এদিকে গত শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজনৈতিক সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভা থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। রাজনৈতিক মহলের মতে, আজকের কর্মসূচি থেকে সেই আক্রমণের পালটা জবাব দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে বিজেপির ব্রিগেড সভায় যোগ দিতে যাওয়ার সময় গিরিশ পার্ক এলাকায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। শশী পাঁজা অভিযোগ করেছেন, বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা তাঁকে খুনের চক্রান্ত করেছিল। রাজ্যের এক মহিলা মন্ত্রীর উপর এই হামলার ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। আজকের কর্মসূচি থেকে এই প্রসঙ্গেও বিজেপিকে কড়া বার্তা দিতে পারেন মমতা।
এর পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট নিয়েও মুখ খুলতে পারেন তৃণমূল নেত্রী। নির্বাচন কমিশন এ বার দুই দফায় ভোটের ঘোষণা করেছে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল।
গতবার ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। ফলে এ বার মাত্র দুই দফায় ভোটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। দলীয় নেতাদের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির সহায়ক সংস্থার মতো আচরণ করছে।
ভোট ঘোষণার পর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি। আগামী দিনে নির্বাচনী প্রচারে জেলায় জেলায় সভা ও মিছিল করবেন তিনি। ইতিমধ্যেই সেই কর্মসূচির তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.