বিহার থেকে ফেরার পর আতঙ্কে কাঁপছেন মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা হাফিজুল খাঁ। অভিযোগ, বিহারের মুজফ্ফরপুরে ফেরিওয়ালার কাজ করতে গিয়ে তাঁকে ‘বাংলাদেশি’ বলে আক্রমণ করা হয়। মাথা চেপে ধরে, বুক–পেটে এলোপাথাড়ি ঘুষি মারা হয়। এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। (ভিডিয়োর সত্যতা নিজস্বভাবে যাচাই করেনি এই পোর্টাল।)
ঘটনা কীভাবে ঘটল?
মির্জাপুর বাদামপাড়ার বাসিন্দা হাফিজুল জানান, গত দু’মাস ধরে তিনি বিহারে ছিলেন। ফেরিওয়ালার কাজেই গিয়েছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার সকালে তাঁর মোটরবাইক আটকে ‘বাংলাদেশি’ বলে সন্দেহ করা হয়। এরপর কোনও কথাবার্তা ছাড়াই মারধর শুরু করে কয়েকজন। আধার কার্ড দেখালেও বলা হয়— “এগুলো নকল!”
হাফিজুল বলেন,“ওরা কিছু শুনতেই চাইছিল না। বাংলাদেশি বলে মারধর। আমি আর থাকতে পারিনি। প্রাণ বাঁচাতে রবিবারই ফিরেছি। আমার মতো আরও অনেকে ভয়ে বিহার ছেড়ে আসছেন।”
পরিবারের দাবি
হাফিজুলের স্ত্রী মুনিরা বিবি বলেন, “ও ফোনে শুধু বলেছিল, খারাপ কিছু হয়েছে। পরে ভিডিয়ো দেখে সব জানতে পারলাম। সবাই মোবাইলে সেই ভিডিয়ো ঘুরছে।
রাজনীতির অঙ্গনে প্রতিক্রিয়া
ঘটনার কথা জানার পর স্থানীয় বিধায়ক শেখ হাসানুজ্জামান জানান,
“আমি ওঁর বাড়ি গিয়ে দেখা করব। ভিনরাজ্যে কাজ করা শ্রমিকদের পাশে দল আছে।”
রাজ্য পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আসিফ ফারুক বলেন,“বিহার, ওড়িশা, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান-সহ একাধিক রাজ্যে শ্রমিকদের উপর হামলা বাড়ছে। বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলিতে পরিস্থিতি ভয়াবহ। অনেকে ভয় পেয়ে ফিরে আসছেন। সবচেয়ে বেশি শ্রমিক এখন ওড়িশা থেকে ফিরে এসেছে।”