দক্ষিণ ২৪ পরগনা: স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং হস্তশিল্পীদের উৎপাদিত সামগ্রী সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই ঘোষণা অনুযায়ী এবার দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও তৈরি হতে চলেছে পৃথক মার্কেট কমপ্লেক্স। জেলা প্রশাসন সূত্রে খবর, পৈলানে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
কোথায় হচ্ছে এই মার্কেট? ডায়মন্ড হারবার পুলিশ জেলার সদর দফতরের অদূরেই পৈলানে একটি বিশাল ফাঁকা জমিকে এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত এই মার্কেট কমপ্লেক্সটি তৈরি করতে প্রায় হাফ একর জমির প্রয়োজন হবে। পৈলানের ওই চিহ্নিত অংশে পর্যাপ্ত জায়গা থাকায় সেখানেই দ্রুত কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন।
কেন এই উদ্যোগ? স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বা স্থানীয় কারিগররা অনেক সময় উন্নত মানের সামগ্রী তৈরি করলেও সঠিক বাজারের অভাবে তা বিক্রি করতে পারেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে, এই কারিগরদের জন্য রাজ্যজুড়ে পৃথক মার্কেট তৈরি করা হবে। পৈলানের এই মার্কেট কমপ্লেক্সটি তৈরি হলে দক্ষিণ ২৪ পরগনার কয়েক হাজার মহিলা ও শিল্পী সরাসরি তাঁদের পণ্য বিক্রির স্থায়ী ঠিকানা পাবেন। এর ফলে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কারিগররা বেশি লাভবান হবেন।
পরিকাঠামো নির্মাণের কাজ দ্রুত শুরু করার পাশাপাশি এই মার্কেটে স্টল বণ্টন ও আধুনিক সুবিধার বিষয়েও ব্লু-প্রিন্ট তৈরি করছে সংশ্লিষ্ট দফতর