পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই ছাত্রছাত্রীদের হাতে ফের সাইকেল তুলে দিতে উদ্যোগী রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল বিতরণ শুরু হতে পারে। নবান্নের এই তৎপরতা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে চালু হয় ‘সবুজসাথী’ প্রকল্প। প্রথম বছর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৪০ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে নীতিতে পরিবর্তন এনে নবম শ্রেণিতে উঠলেই ছাত্রছাত্রীরা এই সুবিধা পেতে শুরু করে। বর্তমানে প্রায় ৯ হাজার স্কুল এই প্রকল্পের আওতায় রয়েছে।
এ বছর কতজন পাবে সাইকেল?
প্রশাসনিক সূত্রের দাবি, গত বছর রাজ্যে ১২ লক্ষ ৩৪ হাজার পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়েছিল। ২০২৬ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১২ লক্ষ ৪৭ হাজারে। অর্থাৎ, এ বছর প্রায় সাড়ে ১২ লক্ষ ছাত্রছাত্রী ‘সবুজসাথী’ প্রকল্পের আওতায় সাইকেল পেতে চলেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত এক কোটি ৩৮ লক্ষেরও বেশি পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পেয়েছে।
ভোটের আগে রাজনৈতিক তরজা
রাজনৈতিক মহলের একাংশের মতে, মার্চের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগে বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা তৃণমূল স্তরে পৌঁছে দিতে চাইছে নবান্ন।
স্কুলশিক্ষা, সংখ্যালঘু উন্নয়ন, অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতর যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। ভোটের প্রাক্কালে সাইকেল বিতরণ ঘিরে রাজনৈতিক তরজা শুরু হলেও সরকারের দাবি, পড়ুয়াদের স্কুলমুখী করা ও ড্রপআউট কমানোই ‘সবুজসাথী’ প্রকল্পের মূল লক্ষ্য।