বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিললেও বড় কোনও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত হতে পারে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। দুই ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আপাতত ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী রবিবার পর্যন্ত আবহাওয়ার বড় কোনও পরিবর্তন হবে না বলেই অনুমান করা হচ্ছে। তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা জোরালো। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ৭ থেকে ১১
সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
কলকাতার আকাশ বুধবার মূলত পরিষ্কার থাকবে, তবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। শহরে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উল্লেখ্য, মঙ্গলবার শহরে মাত্র ০.৩৬ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি।