প্রথম পাতা খবর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট চলবে শনিবার পর্যন্ত, কলকাতায় বিকেলে বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট চলবে শনিবার পর্যন্ত, কলকাতায় বিকেলে বৃষ্টির সম্ভাবনা

7 views
A+A-
Reset

আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনেই রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব ইতিমধ্যেই চোখে পড়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। তবে এই পরিস্থিতি এখনই কাটছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাবে শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫.২ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম কিছুটা বাড়বে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। তার জেরেই ঝড়-বৃষ্টির এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই আবহাওয়া শনিবার পর্যন্ত বজায় থাকবে বলে পূর্বাভাস। এরপর থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে এবং বৃষ্টির পরিমাণ কমবে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ। এই সব জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও একই পরিস্থিতি বজায় থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৩ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব মিলিয়ে আগামী পাঁচ দিন রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.