কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে অস্ত্র পাচারের বড়সড় চক্রান্ত ভেস্তে গেল। শুক্রবার রাতে শহরের বড়বাজার এলাকা থেকে বিপুল অস্ত্র-সহ তিন পাচারকারীকে আটক করেছে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়া, উত্তরপ্রদেশের নম্বরপ্লেট লাগানো একটি সন্দেহজনক গাড়িও আটক করা হয়েছে। গোয়েন্দাদের সন্দেহ, ভিনরাজ্য থেকে কলকাতায় অস্ত্র পাচারের পিছনে কোনও বড় চক্র সক্রিয় রয়েছে, এমনকি নাশকতার ছকও থাকতে পারে।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বড়বাজার থানা এলাকার মহাত্মা গান্ধী রোড এবং আর্তার স্ট্রিটের সংযোগস্থলে অভিযান চালায় এসটিএফ। উত্তরপ্রদেশ থেকে আসা একদল দুষ্কৃতী অত্যাধুনিক অস্ত্র নিয়ে কলকাতায় বড়সড় অপরাধ সংগঠিত করতে পারে বলে তথ্য ছিল গোয়েন্দাদের হাতে। সেই অনুযায়ী, বড়বাজারের এক গুরুদ্বারের কাছে গাড়িটি আটক করা হয়।
এসটিএফ সূত্রে জানা গেছে, ধৃত তিন যুবকের কাছে উদ্ধার অস্ত্রের কোনও বৈধ নথি ছিল না। জিজ্ঞাসাবাদে তারা কোনও স্পষ্ট উত্তরও দিতে পারেনি। ফলে, তাদের কলকাতায় আসার উদ্দেশ্য নিয়েও সন্দেহ বাড়ছে। তদন্তকারীরা মনে করছেন, এটি অস্ত্র পাচার চক্রেরই অংশ।
রাজ্যে বেআইনি অস্ত্র এবং দুষ্কৃতীদের প্রবেশ রুখতে পুলিশের নজরদারি আরও কড়া করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই ফলশ্রুতিতে এসটিএফের তৎপরতায় বড়সড় অপরাধের ছক বানচাল হয়ে গেল, যা রাজ্য পুলিশের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।