নিজস্ব প্রতিবেদন, দিল্লি: সুপ্রিম কোর্টে এসআইআর (SIR) মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উপস্থিতিকে ‘সংবিধানের প্রতি আস্থা’ হিসেবেই দেখছে দেশের শীর্ষ আদালত। সোমবার এই মামলার শুনানির সময় অখিল ভারত হিন্দু মহাসভার একটি আবেদন খারিজ করে এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই বিষয়টিকে যেন কোনোভাবেই রাজনীতিকরণ করা না হয়।
গত বুধবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানির সময় আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে দাঁড়িয়ে সশরীরে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই পদক্ষেপকে ‘সাংবিধানিক ভাবে অনুচিত’ দাবি করে সুপ্রিম কোর্টে একটি আবেদন জানিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা। এদিন সেই আবেদনের প্রেক্ষিতেই প্রধান বিচারপতি সূর্য কান্ত পাল্টা প্রশ্ন তোলেন, ‘‘এতে অস্বাভাবিক কী আছে? এটাই তো সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রকাশ।’’
গত সপ্তাহের শুনানিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, এসআইআর প্রক্রিয়ায় শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই নিশানা করা হয়েছে। কেন মাত্র তিন মাসের মধ্যে এই বিশাল কাজ শেষ করার চেষ্টা হচ্ছে এবং এর ফলে রাজ্যে যে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, সেই প্রসঙ্গও অত্যন্ত শানিত যুক্তিতে প্রধান বিচারপতির এজলাসে তুলে ধরেছিলেন তিনি।
আইনি মহলের মতে, সুপ্রিম কোর্টের আজকের এই পর্যবেক্ষণ মমতার লড়াইকে কেবল আইনি নয়, বরং একটি নৈতিক ও সাংবিধানিক মান্যতা দিল। প্রধান বিচারপতির এই মন্তব্যের পর বিরোধীদের ‘নাটক’ বা ‘অনুচিত’ তকমা ধোপে টিকবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।