প্রথম পাতা খবর ‘গোপন আঁতাঁত’ অভিযোগে তোলপাড় রাজনীতি, হুমায়ুন কবীরকে ঘিরে তৃণমূলের বিস্ফোরক দাবি

‘গোপন আঁতাঁত’ অভিযোগে তোলপাড় রাজনীতি, হুমায়ুন কবীরকে ঘিরে তৃণমূলের বিস্ফোরক দাবি

12 views
A+A-
Reset

রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুলল এক ‘ফাঁস’ হওয়া ভিডিয়ো। আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে ঘিরে বিজেপির সঙ্গে ‘গোপন আঁতাঁত’-এর অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই দাবি সামনে আনে শাসকদল।

তৃণমূলের অভিযোগ, ওই ভিডিয়োয় হুমায়ুন কবীর বিজেপির কাছ থেকে বিপুল অর্থ দাবি করেছেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

ভিডিয়োর কথোপকথনে দাবি করা হয়েছে, মুসলিম ভোটকে প্রভাবিত করে রাজ্যের নির্বাচনী সমীকরণ বদলানোর পরিকল্পনা রয়েছে। সেখানে হুমায়ুন কবীরকে বলতে শোনা যায়, মুসলিম ভোট তাঁর দিকে গেলে স্বাভাবিক ভাবেই হিন্দু ভোট বিজেপির দিকে সরে যাবে। এমনকি ভবিষ্যতে বিজেপি মুখ্যমন্ত্রী হলে তাঁকে সমর্থন করার কথাও তিনি বলেছেন বলে দাবি তৃণমূলের।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। বিজেপি ভোটে সুবিধা পেতে ‘বি টিম’, ‘সি টিম’ তৈরি করছে। মুসলিম ভোট ভাগ করার জন্য হুমায়ুন কবীরের মতো ব্যক্তিকে ব্যবহার করা হচ্ছে।”

এ বিষয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও কড়া প্রতিক্রিয়া জানান। তাঁর কথায়, “এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। ধর্মীয় আবেগকে ব্যবহার করে ভোট কেনাবেচার চেষ্টা চলছে। বিজেপি বাংলায় সফল না হওয়ায় এখন পিছন থেকে এই ধরনের খেলা খেলছে।”

তৃণমূলের দাবি, ধর্মীয় আবেগকে উসকে দিয়ে ভোটে প্রভাব ফেলাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।

যদিও হুমায়ুন কবীর বা বিজেপির তরফে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভিডিয়ো ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.